রাজশাহীতে কবীর-লালন ভাবসংগীত উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ও লালন বিশ্ব সংঘের আয়োজনে নগরীর লালনশাহ মুক্তমঞ্চে এই উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। শুরুতে অনুষ্ঠানের অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়।
প্রধান অতিথি মাহফুজুর রহমান রিটন বলেন, ‘লালন আমাদের মাটি, মানুষ ও মানবিকতার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একজন মহান সাধক। তাঁর দর্শন মানুষে মানুষে বিভেদ ভুলে সম্প্রীতি, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করে। লালনের গান ও দর্শন শুধু সাংস্কৃতিক ঐতিহ্য নয়, এটি সমাজ ও জীবনবোধেরও গুরুত্বপূর্ণ অংশ।’
নগর প্রশাসক বলেন, কবীর ও লালনের দর্শনে মানুষের প্রতি ভালোবাসা, সাম্য, মানবিকতা ও আত্মশুদ্ধির যে বার্তা রয়েছে, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সম্প্রীতি সুদৃঢ় করতে লালনের দর্শন অনুপ্রেরণা দিতে পারে।
নগর প্রশাসক আরও বলেন, রাজশাহী শুধু শিক্ষা ও সংস্কৃতির নগরী নয়, সমৃদ্ধ লোকঐতিহ্য ও সংস্কৃতিচর্চারও অন্যতম কেন্দ্র। কবীর-লালন ভাবসংগীত উৎসবের আয়োজন সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। দেশের বিভিন্ন বিভাগে ধারাবাহিকভাবে এ ধরনের আয়োজনের মাধ্যমে লালনের দর্শন ও ভাবসংগীত মানুষের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান থেকে রাসিক প্রশাসক নগরবাসীকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান।
লালন বিশ্ব সংঘের প্রধান নির্বাহী ও লালন গবেষক আবদেল মাননানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) মো. নাহারুল ইসলাম।