হোম > সারা দেশ > রাজশাহী

নাটোরে রাজশাহীর বাস চলতে না দেওয়ার অভিযোগ, যাত্রীদের দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বাস কাউন্টারের সামনে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন যাত্রীরা। আজ দুপুরে রাজশাহীর ভদ্রামোড়ে। ছবি: আজকের পত্রিকা

নাটোরের ওপর দিয়ে রাজশাহীর মালিকদের বাস চলতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। এ জন্য আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে রাজশাহীর সঙ্গে বিভিন্ন জেলার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। বেলা ৩টা পর্যন্ত বাস বন্ধই ছিল। এদিকে নাটোরের বাসমালিকদের অভিযোগ, তাঁদের বাসও রাজশাহী গেলে আটকে দেওয়া হয়েছে। যদিও সে অভিযোগ অস্বীকার করছেন রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা।

রাজশাহীর পরিবহনশ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, নাটোর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের আন্দান পরিবহন নামের একটি বাস কোনো চেইন মানছে না। যখন-তখন বাসটি রংপুর-রাজশাহী রুটে চলাচল করছে। দুই জেলার বিরোধ মূলত এই বাস নিয়েই।

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, ‘রাজশাহীর একটা বাস ৪৫ দিন বসে থাকার পর বোর্ডে ওঠে। তখন বাসটি রাজশাহী-রংপুর রুটে আট দিন চলে। এই বাসে যথেষ্ট যাত্রী হবে না যখন-তখন অন্য বাস চললে। কিন্তু নাটোরের আন্দান নামের বাসটি যখন-তখন এই রুটে চলাচল করে। তাদের নিষেধ করলেও শোনে না। নাটোরের কথা, তাদের বাস এভাবেই চলবে। তা না হলে তাদের বুকের ওপর দিয়ে গাড়ি যেতে দেবে না। সকালে তারাই রাজশাহীর বাস নাটোরে আটকে দেয়।’ রফিকুল ইসলাম আরও বলেন, সকালে রাজশাহীতে যেসব বাস এসেছিল, সেগুলো তাঁরা বের করে দিয়েছেন। কিন্তু নাটোর থেকে তাঁদের বাসগুলো ছাড়া হয়নি। ঢাকাগামী বিভিন্ন বাসের কাউন্টারগুলোও নাটোরে বন্ধ করে দেওয়া হয়েছে। এ কারণে ঢাকার বাসও রাজশাহী থেকে যাচ্ছে না।

রাজশাহী থেকে নাটোর হয়ে বাসগুলো রংপুর বিভাগের বিভিন্ন জেলা, সিরাজগঞ্জ, পাবনা, ঢাকা ও খুলনা অভিমুখে যায়। এই বাসগুলো সকাল থেকে বন্ধ রয়েছে বলেও জানান এই শ্রমিকনেতা। তবে কখন সমস্যার সমাধান হবে বা বাস চলাচল শুরু হবে, তা তিনি জানাতে পারেননি।

দুপুরে রাজশাহী নগরের শিরোইলে বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, যাত্রীরা বাস না পেয়ে বিভিন্ন পরিবহনে অন্তত নাটোর পর্যন্ত যাওয়ার চেষ্টা করছেন। জাহিদুল ইসলাম নামের এক যাত্রী বলেন, ‘আমি সিরাজগঞ্জ যাব। এখন এসে দেখি বাস বন্ধ। যেকোনোভাবে নাটোর পর্যন্ত আগে যাব।’

নাটোরে বাস আটকে রাখার অভিযোগ অস্বীকার করেছেন জেলার বাস মালিক সমিতির সভাপতি প্রশান্ত কুমার পোদ্দার লক্ষ্মণ। তিনি বলেন, ‘আমরা কোনো বাস আটকাইনি; বরং সকালে রাজশাহীতেই আমাদের সাত-আটটা বাস আটকে দেয়। তারপর তারাই গাড়ি ছাড়ছে না।’ তিনি বলেন, ‘গতকাল একটা বিষয় নিয়ে রাজশাহীর সঙ্গে ঝামেলা হয়েছিল। সেটা সমাধান করেছি। কিন্তু আমরা ছোট জেলা বলে রাজশাহী আমাদের পাত্তা দিতে চায় না। তারা নিজেদের মতো চলতে চায়। এখন সমস্যা হয়েছে। কখন সমাধান হবে, সেটা আমিও বলতে পারছি না।’

রাবি ছাত্রলীগ নেতা সোলায়মান আটক

মুঘল-পাঠানের ‘পরাজিত সম্রাট’

রাজশাহীতে হিমাগার ভাড়া পুনর্নির্ধারণে তদন্ত কমিটি, আপাতত কেজিতে ৬ টাকা

রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা

রাজশাহী সীমান্তে ২৩ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক বিজিবি

খাঁচাবন্দী ‘মিঠুকে’ মুক্ত করতে থানায় অভিযোগ, এলাকায় তোলপাড়

সীমান্ত সুরক্ষা ও হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

হিমাগার থেকে আলু ছাড় বন্ধ

রাজশাহীতে মাইক্রোবাস-বাইসাইকেল সংঘর্ষ, স্কুলছাত্র নিহত