হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীর ৮৫ পূজামণ্ডপে রাসিকের অনুদান

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। ছবি: আজকের পত্রিকা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। শহরের প্রতিটি পূজামণ্ডপকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

আজ রোববার বেলা সাড়ে ১১টায় নগর ভবনের সিটি হল সভাকক্ষে পূজা উদযাপন নিয়ে মতবিনিময় সভা শেষে পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

সভায় প্রশাসক বলেন, শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে রাসিকের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। পূজামণ্ডপের নেতারা ওয়াই-ফাই সংযোগের দাবি জানালে প্রতিটি মণ্ডপে সংযোগ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

সভায় পূজামণ্ডপের নিরাপত্তায় পুলিশ ও আনসার মোতায়েন, স্বেচ্ছাসেবক দল গঠন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, সিসি ক্যামেরা স্থাপন, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং বিসর্জন ঘাটে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মোতায়েনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।