হোম > সারা দেশ > রাজশাহী

২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ছবি: আজকের পত্রিকা

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে প্রায় ২৫ ঘণ্টা বন্ধ থাকার পর আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী থেকে বাস চলাচল শুরু হয়েছে। গতকাল সোমবার রাত ৮টা থেকে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

শ্রমিক নেতাদের ভাষ্য, নির্বাচন নিয়ে গতকাল বিকেলে তাঁরা জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সঙ্গে বৈঠক করেন। সেখানে বেশির ভাগ শ্রমিক সাধারণ সভা করে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দাবি জানান। তবে জেলা প্রশাসক তা নাকচ করে নিজেই নির্বাচনী কমিটি গঠনের প্রস্তাব দেন। ওই প্রস্তাবে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালকে রাখার কথাও বলা হয়।

শ্রমিকেরা জেলা প্রশাসকের ওই প্রস্তাব মানেননি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে বাস চলাচল বন্ধ হয়ে যায়। বিরোধটি চলছিল জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতা রফিকুল ইসলাম পাখি ও মোমিনুল ইসলাম মোমিন গ্রুপের মধ্যে।

এই অবস্থায় সমস্যার সমাধানে জেলা প্রশাসক রাজশাহী নগর পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার নূর আলম সিদ্দিকীকে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনার দায়িত্ব দেন। আজ তিনি দুই পক্ষের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে সিদ্ধান্ত হয়, মোমিন গ্রুপের শ্রমিকদের দাবি অনুযায়ী নির্বাচনী কমিটিতে নজরুল ইসলাম হেলাল থাকবেন না। জেলা প্রশাসকের তত্ত্বাবধানেই নির্বাচন হবে। নির্বাচনকালে টার্মিনাল পরিচালনার জন্য একটি আহ্বায়ক কমিটি থাকবে। ওই কমিটিতে দুই পক্ষের চারজন করে মোট আটজন সদস্য থাকবেন। এতে দুই পক্ষ সম্মত হয় এবং সন্ধ্যায় বাস চালুর ঘোষণা দেয়।

তবে পরে লিটন আলী নামের আরেক শ্রমিক নেতা এ সিদ্ধান্তের বিরোধিতা করেন। নির্বাচন না হওয়া পর্যন্ত কোনো বাস চলবে না বলে তিনি অনুসারীদের নিয়ে টার্মিনাল এলাকায় মাইকিং করতে থাকেন। ফলে সন্ধ্যার ঘোষণার পরও কোনো বাস ছেড়ে যেতে পারেনি।

পরে সমঝোতা হলে আজ রাত সাড়ে ৯টায় বাস চলাচল শুরু হয়।

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে লিটন আলী বলেন, আম-জনতাকে বোঝাতে সময় লাগে। এই জন্য গাড়ি ছাড়তে দেরি হলো। তিনি আরও বলেন, রাতে আবার জেলা প্রশাসকের সঙ্গে বসার কথা আছে। তাঁরা রওনা করেছেন। আপাতত বাস চলাচল শুরু করেছে।

ঘুমের ওষুধ মেশানো ডাব খেতে দেন তাঁরা, পরে হাতিয়ে নেন মালামাল-টাকাপয়সা

জুলাইয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া শিক্ষকদের তালিকা ভিসির কাছে দিল রাকসু

১৩ বছর পর রামেক হাসপাতালে বাড়ল ১০০ শয্যা, সরকারি স্বীকৃতি পেল আইসিইউ

নেসকোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হলেন শরীফ উদ্দীন

রাজশাহীতে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

রাজশাহীতে বাস বন্ধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও

রাজশাহীতে বাস চলাচল বন্ধ ঘোষণা

পরীক্ষা খারাপ হওয়ায় এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

রাজশাহীর আব্দুর রাজ্জাক হত্যা মামলার দুই আসামি ঢাকা থেকে গ্রেপ্তার