হোম > সারা দেশ > রাজশাহী

যাবজ্জীবন সাজার পরোয়ানা ‘খুঁজে পেয়েছে’ আরএমপি, গ্রেপ্তার সুমন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সুমন রেজা। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের দুর্ধর্ষ অপরাধী সুমন রেজার যাবজ্জীবন কারাদণ্ডের গ্রেপ্তারি পরোয়ানা ‘খুঁজে পেয়েছে’ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এরপর তাঁকে গ্রেপ্তার দেখাতে আজ মঙ্গলবার আদালতে আবেদনও করা হয়েছে। আদালত আবেদনটি মঞ্জুর করেছেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দাবি, পরোয়ানা চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশে পাঠানো হয়েছিল। পুলিশের ক্রাইম ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমেও (সিডিএমএস) আপলোড করা হয়েছিল। তবে গত সোমবার সিডিএমএসে এই পরোয়ানা পাওয়া যায়নি। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ দাবি করছে, পরোয়ানার মূল কপিও তারা পায়নি। এ বিষয়ে তদন্ত হলে প্রকৃত রহস্য উদ্‌ঘাটন হবে।

আসামি সুমন রেজার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গঙ্গারামপুর গ্রামে। তাঁর বাবার নাম টিপু সুলতান। তিনি আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা। এ ছাড়া মাদক ও জাল রুপির কারবারে জড়িত তিনি। তাঁর বিরুদ্ধে অন্তত ১৮টি মামলা রয়েছে।

৩ জুলাই ১২ বোতল মদসহ রাজশাহীর গোদাগাড়ীতে গ্রেপ্তার হন সুমন রেজা। এরপর তাঁকে দামকুড়া থানার বিচারাধীন একটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। কিন্তু একটি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের মামলায় গত সোমবার পর্যন্ত তাঁকে গ্রেপ্তার দেখানো হয়নি। হেরোইনসহ গ্রেপ্তারের ঘটনায় ২০২৪ সালের ২৭ নভেম্বর আদালত তাঁকে এই দণ্ড দেন। যাবজ্জীবন কারাদণ্ডে গ্রেপ্তার না দেখানোয় জামিন নিয়েই তাঁর কারাগার থেকে বের হওয়ার সুযোগ তৈরি হয়েছিল।

পুলিশের একাধিক সূত্র থেকে জানা যায়, মোটা অঙ্কের লেনদেনের মাধ্যমে সুমনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পরোয়ানা গায়েব করা হয়েছিল। এ বিষয়ে অনুসন্ধানে নেমে দেখা যায়, মামলায় সুমন রেজার সঙ্গে সুমন আলী নামের আরেক আসামিকে একই সাজা দেন আদালত। এরপর সেটি আরএমপির আদালত পরিদর্শকের কার্যালয় হয়ে অপরাধ শাখায় যায়।

কিন্তু এখানে শুধু সুমন আলীর পরোয়ানা গ্রহণ করা হয়। বইয়ে এটি লিপিবদ্ধ করা হয় গত বছরের ১৯ মে; যার স্মারক নম্বর ৭৪৬। ৭৪৫ নম্বর স্মারকে সুমন রেজার গ্রেপ্তারি পরোয়ানাটি লিপিবদ্ধ করার কথা থাকলেও বাস্তবে তা নেই। গত সোমবার এই প্রতিবেদক আরএমপির অপরাধ শাখায় গিয়ে দেখেন, পুলিশের সিডিএমএসেও পরোয়ানাটি নেই।

এ নিয়ে আজ মঙ্গলবার ‘যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব’ শিরোনামে আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশ হলে তোলপাড় শুরু হয়। আরএমপি আজই এই পরোয়ানা খুঁজে বের করে আদালতে যায়।

আরএমপির আদালত পরিদর্শক আব্দুর রফিক বলেন, ‘আমাদের সিডিএমএসে গ্রেপ্তারি পরোয়ানা ছিলই। সেটি দিয়ে আসামিকে গ্রেপ্তারের জন্য আমি আদালতে আবেদন জমা দিয়েছিলাম। আদালত সেটি দেখে আসামিকে গ্রেপ্তার দেখিয়েছেন। আদালতে কাগজ চলে যাবে।’

আরএমপির মুখপাত্র ও প্রসিকিউশন শাখার উপপুলিশ কমিশনার গাজিউর রহমান গতকাল সোমবার সুমন রেজার গ্রেপ্তারি পরোয়ানার কপি এই প্রতিবেদকের কাছ থেকেই নেন।

কিন্তু আজ তিনি বলেন, পরোয়ানা খুঁজে পাওয়া গেছে। আর সেটি চাঁপাইনবাবগঞ্জে পাঠানোও হয়েছিল।

জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অপরাধ শাখার পুলিশ পরিদর্শক মুজিবুর রহমান বলেন, ‘আমরা আরএমপি থেকে শুধু সুমন আলীর পরোয়ানা পেয়েছিলাম। সুমন রেজার পরোয়ানা পাইনি। আমাদের কাছে এসে থাকলে যে কর্মকর্তা রিসিভ করবেন, তাঁর একটা স্বাক্ষরযুক্ত প্রাপ্তি স্বীকারপত্র আরএমপিতে যাবে। আরএমপির কাছে এটা থাকলে দেখাক।’

মুজিবুর রহমান বলেন, ‘আমরা ডাকযোগে পরোয়ানার মূল কপি পাইনি, সিডিএমএসেও পাইনি। আরএমপি সিডিএমএসে গ্রেপ্তারি পরোয়ানা আপলোড করে থাকলে সেটা আমাদেরও দেখতে পাওয়ার কথা ছিল। কিন্তু কয়েক দিন চেক করেও পাইনি। তদন্ত হলে ঠিকই এর রহস্য উন্মোচন হবে।’

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) একরামুল হক বলেন, ‘কয়েক দিন ধরে আমরাও এই গ্রেপ্তারি পরোয়ানা খুঁজছিলাম। অবশেষে আরএমপিতেই এটা পাওয়া গেল। শুনেছি, আসামিকে গ্রেপ্তারের জন্য আরএমপিই আবেদন করেছে।’

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার আল-মামুন জানান, সুমন রেজার শ্যোন অ্যারেস্ট-সংক্রান্ত আদালতের আদেশ আজ বিকেল পর্যন্ত কারাগারে আসেনি। আদেশ এলেই তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।

রাজশাহীর স্বার্থ ও অধিকার রক্ষায় এনসিপির মানববন্ধন

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবিতে বাবা-ছেলে নিখোঁজ

রাবিতে শিক্ষার্থীকে আম্মারের মারধরের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

রাজশাহী-চাঁপাই: যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব

রাবিতে ২ শিক্ষার্থীকে পেটালেন আম্মারসহ শিবির নেতারা, পরে পুলিশে সোপর্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু-শিবির ও ছাত্রলীগ-সংশ্লিষ্টদের পাল্টাপাল্টি হামলা, আহত ৩

রাবির সিনেট এক দশক অকার্যকর

রাজশাহীতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

শিশুকে কোলে নিলেন ইউএনও, পরীক্ষা দিলেন মা

পাওনা টাকা নিয়ে বিরোধ: ঘুষির আঘাতে দেয়ালে ধাক্কা লেগে বৃদ্ধের মৃত্যু