হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহী শারীরিক শিক্ষা কলেজ: স্ক্যান করা ভাউচার দিয়ে ছাত্রদের টাকা আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আব্দুল আলীম।

রাজশাহীর সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক আব্দুল আলীমকে গত বছরের নভেম্বরে দায়িত্ব দেওয়া হয়েছিল ছাত্র হোস্টেল সুপারের। দায়িত্ব পাওয়ার পরই আর্থিক নয়-ছয়ের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। অভ্যন্তরীণ তদন্তেও অভিযোগের সত্যতা মেলে। ফলে গত জুনে তাঁকে সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। কিন্তু আর কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শারীরিক শিক্ষা কলেজ থেকে ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) ডিগ্রি নিতে ভর্তি হওয়া শতাধিক ছাত্র হোস্টেলে থাকেন। সেখানে বিনা পয়সায় থাকার সুযোগ পেলেও প্রতি মাসে খাওয়া বাবদ দিতে হয় ২ হাজার টাকা। এদিকে, গত বছরের নভেম্বরে ছাত্র হোস্টেলের সুপারের দায়িত্ব পান প্রভাষক আব্দুল আলীম। নানা কায়দায় তিনি টাকা আত্মসাৎ করেন বলে ছাত্রদের অভিযোগ পেয়ে তদন্তের উদ্যোগ নেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুবনা ইয়াসমিন।

তদন্ত কমিটিতে দুই শিক্ষক ও আট ছাত্রকে রাখা হয়। তাঁদের তদন্তে ধরা পড়ে অনিয়ম। প্রতিবেদনে বলা হয়, গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে আব্দুল আলীম খাবারের টাকা নয়ছয় করেন। তদন্তে দেখা গেছে, গত ফেব্রুয়ারি মাসের একটি ভাউচার স্ক্যান করে নভেম্বর মাসের খরচের হিসাব দেখানো হয়েছে। মূল কপিতে খরচ ছিল ৭৭ হাজার ৯৫৩ টাকা। ওই একই ভাউচার স্ক্যান করে খরচ দেখানো হয়েছে ৬৩ হাজার ২৬০ টাকা। ভাউচার এবং মূল হিসাবের খাতায় মাংসের পরিমাণে মিল নেই।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, পরবর্তীকালে কিছু নকল ভাউচার সরিয়ে ফেলা হয়েছে। মুদিখানার ভাউচারে শুধু মোট টাকার পরিমাণ উল্লেখ আছে। কিন্তু কোনো পণ্যের নাম, ওজন এবং দাম লেখা নেই। ওই দুই মাসে কতজন ছাত্রের কাছ থেকে কী পরিমাণ টাকা নেওয়া হয়েছে তার লিখিত কোনো প্রমাণ নেই। ওই দুই মাসে ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন শিক্ষার্থী শফিকুল ইসলাম। শফিকুল তদন্ত কমিটিকে জানিয়েছেন, তিনি কোনো হিসাব জানেন না। হোস্টেল সুপারই অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন।

তদন্ত কমিটিতে ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক মুজতাহিদ হোসেন। তিনি জানান, কমিটি তদন্ত প্রতিবেদন ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে জমা দিয়েছেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুবনা ইয়াসমিন জানান, প্রতিবেদনটি অধিকতর যাচাইয়ের জন্য তিনি একটি অডিট কমিটি করেছেন। এতে তিনজন শিক্ষক ও হিসাবরক্ষককে রাখা হয়েছে। তাদের তদন্তও শেষ হয়েছে। এখন প্রতিবেদন লেখার কাজ চলছে বলে জেনেছেন তিনি।

এদিকে মজিবুর রহমান নামের এক লেখকের ‘ক্রীড়া সহায়ক’ বইয়ের নানা অংশ কপি করে আব্দুল আলীম ‘শারীরিক শিক্ষা ও ক্রীড়া জ্ঞান কোষ’ নামের একটি বই ছাপিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। সম্প্রতি চট্টগ্রামের সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক খাইরুল ইসলাম একটি ফেসবুক পোস্টের মন্তব্যে লেখেন, ‘একটা শব্দ নিজে থেকে না লিখেও লেখক হওয়া যায়, এই বইটা না দেখলে অজানা থেকে যেত আমার।’

প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানান, প্রভাষক আব্দুল আলীম বই লিখতে গিয়ে চৌর্যবৃত্তি করে ধরা পড়েছেন। স্ক্যান করা ভাউচারে হোস্টেলের শিক্ষার্থীদের টাকাও আত্মসাৎ করেছেন। শিক্ষক-শিক্ষার্থীদের তদন্তেই তা ধরা পড়েছে। কিন্তু এখনো আব্দুল আলীম অধ্যক্ষের পরে ‘সেকেন্ড ম্যান’ হিসেবে প্রতিষ্ঠানের একাডেমিক দায়িত্বে আছেন। নানা কাজে তাঁদের তাঁর কাছেই যেতে হচ্ছে। এতে তাঁরা অস্বস্তিতে পড়ছেন। তাঁরা দ্রুত এই প্রভাষকের অপসারণ দাবি করছেন। তবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাঁকে রক্ষার চেষ্টা করছেন বলেও অভিযোগ তাঁদের।

অভিযোগের বিষয়ে গত বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে প্রভাষক আব্দুল আলীম বলেন, ‘স্ক্যান করা ভাউচার দিয়ে দোকানি ভুল করেছেন। আমি এই নকল ভাউচার দিয়ে টাকা আত্মসাৎ করিনি।’ বই কপি করার বিষয়ে তিনি বলেন, ‘এটা খেলাধুলার নিয়মকানুন, বিধিবিধান সম্পর্কিত বই। আমি তো এসব পরিবর্তন করতে পারব না। তাই বইয়ের কিছু অংশ মিলে গেছে।’

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুবনা ইয়াসমিন বলেন, আর্থিক অনিয়মের ব্যাপারে অডিট কমিটি দ্রুতই প্রতিবেদন দেবে। অনিয়ম উঠে এলে বিষয়টি ক্রীড়া পরিদপ্তরকে জানানো হবে। আর বই নকল করার বিষয়ে যে অভিযোগ সেটি ক্রীড়া পরিদপ্তর দেখবে।

ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মাহবুবুর রহমান বলেন, ‘আর্থিক অনিয়মের বিষয়টি এখনো আমাদের কাছে আসেনি। বই নকল করার অভিযোগ এসেছে। কিন্তু যিনি অভিযোগ করেছেন তিনি মূল বইয়ের লেখক নন। মূল বইয়ের লেখক কপিরাইট আইনে ব্যবস্থা নিতে পারেন। আমরা দেখব আব্দুল আলীম ফেসবুকে কী মন্তব্য করেছেন। সরকারি কর্মচারীদের সামাজিক মাধ্যম ব্যবহারের নীতিমালা আছে।’

জুলাইয়ের আগে যা দেখেছিলাম, জুলাইয়ের পরেও তা দেখি: সারজিস আলম

রাজশাহীর দুর্গাপুর: ন্যায্যমূল্য মিলছে না, করলা ফেলে দিচ্ছেন কৃষক

সম্পদ নিয়ে আতঙ্কে মাদক কারবারিরা

রাজশাহীতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

চাঁদাবাজির প্রতিবাদ করায় কলেজছাত্রকে ‘মারধর’, ছাত্রদলের নেতাকর্মীদের নামে মামলা

সিরাজগঞ্জ ও নওগাঁয় বজ্রপাতে শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু

রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাবনা কারাগারের এক কয়েদির মৃত্যু

রামেবি প্রকল্প: আট হাজার গাছ গায়েব

রাজশাহীতে কাঙ্ক্ষিত বৃষ্টি নেই, আমন রোপণে দুশ্চিন্তায় কৃষক

রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মৃদুল ও সম্পাদক শান্ত