হোম > সারা দেশ > রাজশাহী

মাদক সেবনের জন্য বরখাস্ত পুলিশ সদস্য ফের মাদকের আসরে ধরা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

পুলিশ কনস্টেবল মেহেদী হাসান। ছবি: সংগৃহীত

পুলিশ কনস্টেবল মেহেদী হাসানের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ পুরনো। কয়েকমাস আগেই ডোপ টেস্টে রিপোর্ট পজিটিভ হওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। সংযুক্ত রাখা হয় রাজশাহী জেলা পুলিশ লাইনসে। বিভাগীয় মামলাও হয় তাঁর বিরুদ্ধে। সেই মেহেদী হাসান ফের ধরা পড়েছেন মাদকের আসরেই। এখন তাঁকে আবার ডোপ টেস্ট করা হচ্ছে।

গতকাল শনিবার (১৪ নভেম্বর) রাতে রাজশাহী নগরের হেতেমখাঁ লিচুবাগান এলাকার একটি বাড়িতে মাদক সেবনের সময় স্থানীয় লোকজন তাঁকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে রাজশাহী নগর পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানার একটি দল গিয়ে তাঁকে আটক করে। সেখান থেকে মাদক সেবনের বিভিন্ন আলামতও জব্দ করা হয়। পরে তাঁকে থানায় নেওয়া হয়।

পুলিশ কনস্টেবল মেহেদী হাসানের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তিনি বর্তমানে রাজশাহী নগরের ভদ্রা এলাকায় বসবাস করেন। কয়েকমাস আগে তিনি জেলার চারঘাট থানায় কর্মরত ছিলেন। সেখানেই মাদক সেবনের অভিযোগ উঠলে তাঁকে ডোপ টেস্ট করা হয়। রিপোর্ট পজিটিভ হলে সাময়িক বরখাস্ত করে তাঁকে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত রাখা হয়েছিল।

নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী বলেন, ‘মেহেদী যে ঘরে ছিলেন সেখানে মাদক সেবনের আলামত পাওয়া গেছে, কিন্তু মাদক পাওয়া যায়নি। তাই সরাসরি মাদক আইনে মামলা করা যায়নি। বিভাগীয় পুলিশ হাসপাতালে তাঁর ডোপ টেস্ট করা হচ্ছে। রিপোর্ট পজিটিভ হলে মাদকসেবী হিসেবে মাদক আইনে মামলা করা হবে। আর রিপোর্ট নেগেটিভ হলে ঘটনার ব্যাপারে একটি রিপোর্ট দিয়ে তাঁকে জেলা পুলিশে পাঠানো হবে।’

জেলা পুলিশের মুখপাত্র বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, কয়েকমাস আগে মেহেদী চারঘাট থানায় ছিলেন। তখন মাদক সেবনের অভিযোগ উঠলে তাঁর ডোপ টেস্ট করা হয়। রিপোর্ট পজিটিভ হলে তাঁকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনসে সংযুক্ত রাখা হয়েছিল। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়েছে। মামলার তদন্ত চলছে। এরই মধ্যে তিনি মাদকের আসরে নগর পুলিশের হাতে আটক হয়েছেন বলে শুনেছেন।

সাবিনা ইয়াসমিন জানান, আজ সকালে মেহেদীকে ডোপ টেস্টের জন্য বিভাগীয় পুলিশ হাসপাতালে নেওয়া হয়েছে। এবারও ডোপ টেস্ট রিপোর্ট পজিটিভ হলে তাঁর বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।