হোম > সারা দেশ > রাজশাহী

রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আজ বেলা ১১টায় রামেক হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধন করেন ইন্টার্ন চিকিৎসকেরা। ছবি: আজকের পত্রিকা

ভাতা বৃদ্ধি, বাধ্যতামূলক শিক্ষানবিশকাল বাতিল এবং বিসিএসে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিসহ ছয় দফা দাবি বাস্তবায়নে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। সারা দেশে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার থেকে এই কর্মবিরতি শুরু করেন তাঁরা।

রোববার বেলা সোয়া ১১টার দিকে রামেক হাসপাতালের প্রধান ফটকের সামনে অবস্থান নেন ২২০ জন ইন্টার্ন চিকিৎসক। ‘রামেক ইন্টার্ন চিকিৎসক পরিষদ’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে তাঁরা দাবি আদায়ের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত সময়ের মধ্যে ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

আন্দোলনরত চিকিৎসকেরা বলেন, দীর্ঘদিন ধরে তাঁরা ভাতা বৃদ্ধি ও পেশাগত বিভিন্ন দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কার্যকর কোনো আশ্বাস বা উদ্যোগ না পাওয়ায় তাঁরা অনির্দিষ্টকালের কর্মবিরতির মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তাঁরা।

ইন্টার্ন চিকিৎসকদের প্রধান দাবির মধ্যে রয়েছে মাসিক ভাতা বৃদ্ধি করে ৩০ হাজার টাকায় উন্নীত করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছরের বাধ্যতামূলক শিক্ষানবিশকাল (ইন্টার্নশিপ) বাতিল করা এবং বিসিএস চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছরে উন্নীত করা।

এদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে চিকিৎসাসেবায় কোনো ধরনের সংকট সৃষ্টি না হয়, সে জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের চিকিৎসাসেবা স্বাভাবিক রাখতে অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদের সরাসরি তত্ত্বাবধানে বিকল্প ব্যবস্থায় চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে কর্মবিরতির ফলে হাসপাতালের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালনকারী চিকিৎসকদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। বিশেষ করে বহির্বিভাগ ও ওয়ার্ড পর্যায়ে চিকিৎসাসেবা পরিচালনায় বাড়তি চাপ সামাল দিতে হচ্ছে।

উল্লেখ্য, ভাতা বৃদ্ধিসহ ছয় দফা দাবিতে কয়েক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও প্রতিবাদ কর্মসূচি পালন করছিলেন। এর ধারাবাহিকতায় রোববার সকাল থেকে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে একযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয় ‘ইন্টার্ন চিকিৎসক ফোরাম’। সেই কর্মসূচির অংশ হিসেবে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি শুরু করেছেন।

নানাবাড়ি এসে ট্রলিচাপায় হাত-পা বিচ্ছিন্ন শিশুর, চালকের মাথা ফাটাল বিক্ষুব্ধ জনতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়: উদ্বোধনের আগেই ফাটল নবনির্মিত হল ভবনে

ঘুঘুর বাচ্চা ধরতে গিয়ে প্রাণ গেল কিশোরের

দলবদ্ধ ধর্ষণের অভিযোগে বিএনপির ৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশ ইন করা ২৮ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ: বিজিবি

হামের চিকিৎসা নিয়ে ফিরে আবার জ্বর, ডেঙ্গু থেকে বাঁচানো যায়নি দেড় বছরের তাইবাকে

সরকারি আম ভাগ-বাঁটোয়ারা করে নিলেন কর্মকর্তা-কর্মচারীরা

টানা দাবদাহ: জ্বর-ডায়রিয়া রোগীর চাপ, সেবায় হিমশিম

বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

সড়কবাতি নিয়ে জ্ঞান অর্জন করতে ফ্রান্সে যাচ্ছেন রাসিক প্রশাসক