হোম > সারা দেশ > রাজশাহী

সাবেক আইজিপি এনামুল হক মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ড. এম. এনামুল হক । ছবি: সংগৃহীত

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য ড. এম. এনামুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৩০ আগস্ট) ভোর ৫টার দিকে তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি কিডনী জটিলতাসহ বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। ড. এম এনামুল হক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদের বড় চাচা।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

এনামুল হকের জন্ম রাজশাহীর গোদাগাড়ীতে। তিনি ১৯৬৪ সালে পুলিশ ক্যাডারে যোগ দেন। তিনি বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। অবসর গ্রহণের আগে তিনি পুলিশের আইজিপি ছিলেন। তিনি ২০০৪ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত আইন কমিশনেরও সদস্য ছিলেন।

এনামুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরে তিনি পিএইচডি করেন নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয় থেকে। তাঁর স্ত্রী শিক্ষাবিদ ও লেখক অনামিকা হক লিলি। তাঁদের এক মেয়ে ও দুই ছেলে আছেন।

এনামুল হকের বড় ভাই ব্যারিস্টার আমিনুল হক বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন। তিনি রাজশাহী-১ আসনের টানা তিনবারের সংসদ সদস্য ছিলেন। তবে ২০০৮ সালের নির্বাচনে ব্যারিস্টার আমিনুল হক প্রার্থী হতে পারেননি। বিএনপি সেবার ড. এম এনামুল হককে প্রার্থী করেছিল।

সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে প্রার্থী ছিলেন এনামুল হকের আরেক ভাই মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন। বর্তমানে তিনি নেসকোর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামীকাল সোমবার বেলা ১১টায় গোদাগাড়ীতে পারিবারিক কবরস্থানে সাবেক পুলিশ প্রধান ড. এম এনামুল হককে সমাহিত করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।