হোম > সারা দেশ > রাজশাহী

প্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বেবী খাতুন। ছবি: সংগৃহীত

মাথায় ইটের আঘাত পেয়েছিলেন ১৩ বছর ধরে পথে পথে ঘুরে বেড়ানো বেবী খাতুন। মাথার ক্ষতে সংক্রমণ দেখা দিলে অজ্ঞাত এক ব্যক্তি তাঁকে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসা নিতে গিয়ে শারীরিকভাবে সুস্থ হওয়ার পাশাপাশি ফিরে পান ১৩ বছর আগে হারিয়ে যাওয়া স্মৃতিও। চিনতে শুরু করেন স্বজনদের, বলতে পারেন নিজের বাড়ির ঠিকানা। অবশেষে ১৩ বছর পর ফিরেছেন বাড়িতে।

রাজশাহীর পবা উপজেলার কুখন্ডি গ্রামের বাসিন্দা বেবী খাতুনের জীবনে ঘটে যাওয়া এ ঘটনা সিনেমার গল্পের মতো। এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে বিয়ে, বিচ্ছেদ, মানসিক বিপর্যয় এবং একপর্যায়ে বাড়ি ছেড়ে পথে পথে ঘুরে বেড়ানো—এভাবেই কেটেছে তাঁর জীবনের ১৩ বছর। তবে চিকিৎসকেরা বলছেন, মাথায় ইটের আঘাতের কারণে তাঁর স্মৃতি ফিরে আসেনি। চিকিৎসায় শারীরিকভাবে সুস্থ হওয়ার সময় স্মৃতি ফিরে পাওয়ার ঘটনাটি কাকতালীয়।

বেবী খাতুন প্রায় দুই বছর ধরে রাজশাহী নগরের বোয়ালিয়া থানার পাশের একটি সড়কের ধারে থাকতেন। বৃষ্টি কিংবা প্রচণ্ড রোদেও জায়গাটি ছেড়ে যেতেন না। পথচারীদের দেখলে অজ্ঞাত এক নারীর উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালাগাল করতেন। কখনো পথচারীদের দিকে ইটও ছুড়ে মারতেন। তাঁর এমন আচরণে ওই পথে চলাচলকারীরা বিব্রত হতেন।

বেবীর বাবার নাম মেহের মোল্লা। ১১ ভাইবোনের মধ্যে তিনি অষ্টম। ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। দর্জির কাজও জানেন। একসময় স্বাভাবিক জীবনযাপন করতেন তিনি। কিন্তু দাম্পত্য জীবনের টানাপোড়েনের পর বদলে যায় তাঁর জীবন।

বেবীর বড় বোন জিনাহার বেগম জানান, ১৫ বছর আগে পবার পারিলা গ্রামের সাইফুল ইসলাম নামের এক যুবকের সঙ্গে বেবীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ে হয়। তবে বিয়ের ছয় মাসের মাথায় সাইফুল তাঁকে তালাক দেন। এ ঘটনায় আদালতে মামলা করেন বেবী। মামলায় সাইফুল কারাগারে গেলে স্বামীর প্রতি টান থেকে তাঁকে দেখতে যান বেবী।

জিনাহার বেগমের ভাষ্য, কারাগারে সাইফুল বেবীকে বলেন, মামলা তুলে নিলে আবার তাঁকে স্ত্রী হিসেবে গ্রহণ করবেন। স্বামীর কথায় বিশ্বাস করে মামলা তুলে নেন বেবী। কিন্তু মুক্তি পাওয়ার পর সাইফুল আর তাঁকে সংসারে ফিরিয়ে নেননি। একদিন বেবী নিজেই সাইফুলের বাড়িতে গিয়ে ওঠেন। সেখানে সাইফুল পুলিশ ডেকে তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। এরপর থেকেই বেবীর আচরণে অস্বাভাবিকতা দেখা দেয়।

একপর্যায়ে বেবী কাউকে চিনতে পারতেন না। পরে বাড়ি ছেড়ে বেরিয়ে যান। দীর্ঘদিন পর পরিবারের সদস্যরা জানতে পারেন, তিনি রাজশাহী শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। পরিবারের লোকজন তাঁকে বাড়িতে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করলেও সফল হননি। কাছে গেলেই অস্বাভাবিক আচরণ করতেন। স্বজনদের চিনতে না পারায় তাঁদের সঙ্গে যেতেও চাইতেন না।

এরপর বোয়ালিয়া থানার পূর্ব পাশের সড়কটি হয়ে ওঠে বেবীর স্থায়ী আশ্রয়। প্রায় দুই বছর ধরে সেখানেই থাকতেন তিনি। নোংরা কাপড়চোপড় ও কম্বল একটি পুটলায় বেঁধে সব সময় সঙ্গে রাখতেন। বৃষ্টি কিংবা প্রখর রোদেও সড়কের পাশেই পড়ে থাকতেন।

গত অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ওই জায়গায় আর দেখা যাচ্ছিল না বেবীকে। এক রিকশাচালক তাঁর মাথায় ইট ছুড়ে মেরেছিলেন। মাথার ক্ষত থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ায় শারীরিক অবস্থার অবনতি হয়। পরে অজ্ঞাত এক ব্যক্তি তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অজ্ঞাত রোগীদের ওয়ার্ডে তাঁর চিকিৎসা চলছিল।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন বেবী। এ সময় ফিরে আসে তাঁর স্মৃতি। স্বজনদের চিনতে পারেন, স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করেন। নিজের বাড়ির ঠিকানাও জানাতে পারেন। সুস্থ হওয়ার পর বাড়ি ফেরার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ছুটি চাইতে থাকেন তিনি। তবে অভিভাবক ছাড়া তাঁকে ছাড়ার সুযোগ ছিল না।

পরে বেবী নিজেই বাড়িতে গিয়ে দুই বোন জিনাহার বেগম ও সাবিনা বেগমকে নিয়ে হাসপাতালে ফিরে আসেন। গত ১১ নভেম্বর সাবিনা বেগম হাসপাতালের রেজিস্টারে স্বাক্ষর করে বোনকে বুঝে নেন। এরপর তাঁরা বেবীকে বাড়িতে নিয়ে যান।

কুখন্ডি গ্রামে বেবীদের বাড়িতে গিয়ে দেখা যায়, দুই বোনের সঙ্গে স্বাভাবিক জীবনযাপন করছেন বেবী। তিনি জানান, হাসপাতাল থেকে বের হয়ে প্রথমে বোয়ালিয়া থানায় যান। সেখানে তাঁকে খাবার দিতেন এমন এক পুলিশ সদস্য বাড়ি যাওয়ার জন্য ২০০ টাকা দেন। কাছেই ডিশলাইনের কাজ করছিলেন দুই যুবক। তাঁদের কাছে বাড়ির কথা বললে তাঁরা একটি ভ্যানের ব্যবস্থা করে দেন। সেই ভ্যানে করেই বাড়িতে পৌঁছান তিনি।

বেবীর বোন সাবিনা বেগম বলেন, ডিশলাইনের কাজ করা ওই দুই যুবক আগে থেকেই বেবীকে থানার পাশে বসে থাকতে দেখতেন। তবে কখনো তাঁর সঙ্গে কথা হয়নি। সেদিন হাতের ইশারায় ডাকতে দেখে তাঁরা কাছে যান। বেবী বাড়ির ঠিকানা জানালে তাঁরা তাঁকে পৌঁছে দেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বেবী খাতুনের চিকিৎসা করেছেন মনোরোগ বিভাগের চিকিৎসক জসীম উদ্দিন। ইটের আঘাতের পর স্মৃতি ফিরে পাওয়ার বিষয়ে তিনি বলেন, সিনেমায় আঘাতের কারণে স্মৃতি হারানো এবং আবার আঘাত পেয়ে তা ফিরে পাওয়ার ঘটনা দেখানো হয়। কিন্তু বাস্তবে এমনটি ঘটে না। বেবী খাতুনের ক্ষেত্রে চিকিৎসায় সুস্থ হওয়ার পাশাপাশি স্মৃতি ফিরে আসার ঘটনাটি কাকতালীয়। মাথায় আঘাত পাওয়ার সঙ্গে স্মৃতি ফিরে আসার কোনো সম্পর্ক নেই। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটি এক ধরনের ‘কো-ইনসিডেন্ট’ বা সমাপতন।