রাজশাহীতে ইসমাইল হোসেন (২২) নামের এক নিরাপত্তারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে নগরের সিপাইপাড়া এলাকার একটি নির্মাণস্থলের টিনশেড ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ইসমাইল ওই এলাকায় মা ও ভাইয়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তিনি নির্মাণস্থলে প্রহরী হিসেবে কাজ করতেন। তাঁর গ্রামের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায়। বাবার নাম জাহাঙ্গীর আলম। কয়েক দিন গ্রামের বাড়িতে থাকার পর আজই কাজে যোগ দিয়েছিলেন তিনি।
রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইসমাইল আত্মহত্যা করেছেন। বিষয়টি নিশ্চিত হতে মরদেহের ময়নাতদন্ত করা হবে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আপাতত অপমৃত্যুর মামলা করা হবে।