হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আজ বেলা সাড়ে ১১টার দিকে রাসিক প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন মাঠ পরিদর্শন করেন। ছবি: আজকের পত্রিকা

২০ অক্টোবর রাজশাহীতে জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ওই দিন বেলা ৩টায় নগরের ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এটিই তাঁর প্রথম রাজশাহী সফর। এর আগে গত ২৯ জানুয়ারি নির্বাচনী প্রচারের সময় একই মাঠে বক্তব্য দিয়েছিলেন তিনি।

প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে মাদ্রাসা মাঠ প্রস্তুত, মঞ্চ নির্মাণ, পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধনসহ সার্বিক প্রস্তুতি শুরু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন মাঠটি পরিদর্শন করেন। এ সময় তিনি মাঠের পরিচ্ছন্নতা, দেয়ালে রং করা এবং মাঠসংলগ্ন সড়ক সংস্কারসহ প্রস্তুতির বিভিন্ন দিক ঘুরে দেখেন। পাশাপাশি মঞ্চ নির্মাণসহ প্রয়োজনীয় কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

পরিদর্শন শেষে মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরের সিদ্ধান্তে তাঁরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী রাজশাহীতে আসছেন, এটি নগরবাসীর জন্য অত্যন্ত আবেগ ও অনুভূতির বিষয়। তাঁকে একনজর দেখতে রাজশাহীবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর সফর সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা, বিভাগীয় ও জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সনাতন ধর্মাবলম্বীদের নেতাদের সঙ্গে সমন্বয় করে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সফরসূচি অনুযায়ী, ২০ অক্টোবর সামরিক বাহিনীর একটি বিমানে রাজশাহীতে আসবেন প্রধানমন্ত্রী। বেলা দেড়টায় তিনি রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এরপর বেলা ৩টায় মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন।

এদিন সকালে সৈয়দপুর বিমানবন্দর হয়ে রংপুরে গিয়ে রংপুর ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর রাজশাহী সফর শেষে বিকেলেই চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন তিনি। সেখানে জে এম সেন হলের রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শন শেষে ঢাকায় ফিরবেন। এক দিনে দেশের তিন বিভাগ সফরের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাবেন তিনি।

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর

১০ দিনেও রাবি সাংবাদিকদের ওপর হামলাকারী কেউ গ্রেপ্তার হয়নি

সেনাসদস্য পরিচয়ে জাল টাকা দিয়ে সোনার চেইন আত্মসাৎ, গ্রেপ্তার ২

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

বাঘায় মাদক সেবন ও বিক্রির দায়ে এক দম্পতিসহ ৩ জনের কারাদণ্ড

গোদাগাড়ী ইউএনও অফিসে তালা ঝোলানোর ঘটনায় মামলা

রবীন্দ্রসংগীত ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’

বাড়িতে একা থাকতেন বিধবা, ঘর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

উন্নয়নের ভোগান্তিতে রাজশাহী