রাজশাহীর তানোরে নিখোঁজের একদিন পর ধানখেত থেকে রসুল মণ্ডল (৬০) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে তানোর পৌর এলাকার গোকুল মহল্লার একটি ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই কৃষক গোকুল গ্রামের মৃত লকি মণ্ডলের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকাল ৯টার দিকে গ্রামের মোড়ে চা পান করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন রসুল মণ্ডল। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা ভেবেছিলেন, হয়তো তিনি কোথাও গেছেন।
গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গ্রামের এক ব্যক্তি ওই জমিতে ঘাস কাটতে গিয়ে ধানখেতে রসুলের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি তাঁর পরিবার ও পুলিশকে জানান। খবর পেয়ে তানোর থানা-পুলিশ রাত সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আজ সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়।
নিহতের ছেলে আতাউর মণ্ডল বলেন, ‘আমার মা প্রায় পাঁচ বছর আগে মারা গেছেন। বাবা আমার বাড়িতেই থাকতেন। শুক্রবার সকালে গ্রামের মোড়ে চা খেতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আর ফেরেননি। সন্ধ্যার পর গ্রামের লোকজনের কাছে মরদেহের বিষয়ে জানতে পারি।’
আতাউর আরও বলেন, ‘যে জমিতে বাবার মরদেহ পাওয়া গেছে, ওই জমি গ্রামের এবারত নামের এক ব্যক্তির কাছ থেকে বর্গা নিয়ে ধান চাষ করেছিলেন বাবা। ফসলের পরিচর্যার জন্য তিনি মাঝে মাঝে ওই জমিতে যেতেন। কীভাবে মৃত্যু হয়েছে তা বলতে পারছি না।’
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য আজ সকালে মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, তিনি অসুস্থ ছিলেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে।’