পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য রাজশাহীর প্রশংসা করে বিশিষ্ট ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি বলেছেন, রাজশাহীর কাছে দেশের বাকি ৬৩ জেলার অনেক কিছু শেখার আছে।
আজ শনিবার রাতে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত এক তাফসির মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। ওলামা-মাশায়েখ পরিষদ আয়োজিত এ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান করেন ড. মিজানুর রহমান আজহারি। রাজশাহীবাসীকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্যের শুরুতেই তিনি শহরটির পরিচ্ছন্নতা ও সৌন্দর্যের প্রশংসা করেন।
মিজানুর রহমান আজহারি বলেন, ‘আমি শুনেছি, রাজশাহী হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর। দ্য গ্রিন অ্যান্ড ক্লিন সিটি এভার ইন বাংলাদেশ। আসতে আসতে দেখছিলাম, মাশা আল্লাহ, একেবারে ভেরি নিট অ্যান্ড ক্লিন। আমাদের অন্য ৬৩ জেলার আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।’
ইসলামি এই বক্তা আরও বলেন, ‘রাজশাহী যেমন পরিচ্ছন্ন, আমাদের অন্য ৬৩ জেলাও যেন এ রকম পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে পারে। ছোটবেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম। তখন আসার পথে দুই পাশে সারি সারি আমবাগান দেখেছিলাম। আপনাদের আছে কালাই রুটি, আছে রেশম। নানা নেয়ামতে আল্লাহ রাজশাহীকে ভরপুর করেছেন।’
বিশাল এ তাফসির মাহফিলে সকাল থেকেই রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। এ ছাড়া উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর জামায়াতের আমির মোহাম্মদ জাহাঙ্গীর।