হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে ভাড়া নিয়ে কোল্ডস্টোরেজে হামলা-ভাঙচুরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফজলুর রহমান। ছবি: আজকের পত্রিকা

আলু সংরক্ষণের জন্য ভাড়া নিয়ে রাজশাহীর পবায় একটি কোল্ডস্টোরেজে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার হামলা-ভাঙচুর চালানো হয়। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মালিকপক্ষের। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে রাজশাহী কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশন।

আজ মঙ্গলবার রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুর রহমান।

ফজলুর রহমান বলেন, কৃষি বিপণন অধিদপ্তর গত ৩১ আগস্ট প্রজ্ঞাপন জারি করে কোল্ডস্টোরেজে প্রতি কেজি আলুর ভাড়া ছয় টাকা ৭৫ পয়সা থেকে কমিয়ে ছয় টাকা নির্ধারণ করে। সেই অনুযায়ী রহমান সিডস স্টোরেজ কর্তৃপক্ষ ভাড়া আদায় করছে। গতকাল সোমবার প্রতিষ্ঠানটির ম্যানেজার আব্দুল হালিম সরকার নির্ধারিত ছয় টাকা কেজি দরে বস্তা ওজন করে ব্যবসায়ীদের আলু সরবরাহ করছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে আহাদ আলী (৫৫), শমসের আলী (৪০), মোজাহার আলী (৩৮), মো. বাবুল (৩৮), আনারুল ওরফে আনাসহ ৩০ থেকে ৩৫ জন স্টোরেজের অফিসকক্ষে প্রবেশ করেন। তাঁরা ডেলিভারি কর্মকর্তা আজিজুর রহমানকে ছয় টাকা কেজির পরিবর্তে পাঁচ টাকা দরে ডেলিভারি অর্ডার কাটতে চাপ দেন।

রাজি না হওয়ায় তাঁরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে হিসাবরক্ষক রায়হান রানাকে কিল-ঘুষি ও লাথি মেরে আহত করা হয়। তাঁকে রক্ষা করতে শ্রমিক সালাউদ্দিন এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। আহত হন সহকারী ম্যানেজার আজিজুর রহমানসহ অন্য কর্মচারীরাও। এ সময় অফিসকক্ষের চেয়ার, টেবিল, কম্পিউটার, ক্যাশ কাউন্টারের কাচ ও ম্যানেজারের টেবিল ভাঙচুর করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, পরে হামলাকারীরা স্টোরেজের ভেতরে ঢুকে আলুর বস্তা নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে তাঁরা স্টোরেজের কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।

ফজলুর রহমান বলেন, একটি স্বার্থান্বেষী মহল সরকার নির্ধারিত ভাড়াও দিতে চাইছে না। তারা নানাভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় কোল্ডস্টোরেজের কর্মকর্তা-কর্মচারী ও মালিকপক্ষ নিরাপত্তাহীনতায় রয়েছে।

সংবাদ সম্মেলনে কোল্ডস্টোরেজের মালিকেরা জানান, বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধি এবং শ্রমিক-কর্মচারীদের মজুরি বৃদ্ধির কারণে কোল্ডস্টোরেজ পরিচালনার ব্যয় বেড়েছে। এ পরিস্থিতিতে রাজশাহী কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতি কেজি আলুর ভাড়া সাত টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছিল। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার নির্ধারিত ছয় টাকা ভাড়া মেনে নেওয়া হয়েছে। এরপরও একটি শ্রেণি এর বিরোধিতা করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে তাঁদের অভিযোগ। এ বিষয়ে সরকারকে যথাযথ তদন্ত করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

এ সময় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. হাসেন আলী, কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি আবু বাক্কার আলী, চেম্বারের সিনিয়র সহসভাপতি শামসুর রহমান শান্তন, জিয়াউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।