হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড আতঙ্ক, মন্ত্রীকে বের করা হলো বিকল্প পথে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

গ্রেনেড সদৃশ দুটি বস্তু পাওয়ার পর মন্ত্রীকে বিকল্প পথে বের নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে গ্রেনেড সদৃশ দুটি বস্তু পাওয়া গেছে। এ সময় বিমানবন্দরে অবস্থান করছিলেন জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। নিরাপত্তার কথা বিবেচনা করে তাঁকে বিমানবন্দরের মূল ফটকের পরিবর্তে পেছনের গেট দিয়ে বের করে নেওয়া হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকা থেকে বগুড়া যাওয়ার জন্য আজ মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে একটি ফ্লাইটে রাজশাহীতে পৌঁছান মন্ত্রী। এর পাঁচ মিনিট পর বিমানবন্দরের সামনে পড়ে থাকা গ্রেনেড সদৃশ দুটি বস্তুর বিষয়টি দায়িত্বরত পুলিশকে জানান স্থানীয় এক ব্যক্তি। পরে পুলিশ ওই স্থান ঘিরে ফেলে।

এ সময় মন্ত্রী বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন। তাঁকে বিষয়টি জানিয়ে নিরাপত্তার স্বার্থে পেছনের গেট দিয়ে বের করে নেওয়া হয়। পরে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন।

গ্রেনেড সদৃশ দুটি বস্তু পাওয়ার পর মন্ত্রীকে বিকল্প পথে বের নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, বিমানবন্দর থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।