হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে গরুচোর চক্রের অন্যতম সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

৪ জেলার গরু চুরির সঙ্গে জড়িত একটি চক্রের সদস্য মো. উজ্জ্বলকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে গরু চুরির সঙ্গে জড়িত একটি চক্রের অন্যতম সদস্য মো. উজ্জ্বলকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি নওগাঁর মান্দা উপজেলার শালদহ গ্রামে। তাঁর বিরুদ্ধে রাজশাহী, নওগাঁ ও নাটোরের বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্রের একটি দল। এ সময় তাঁর ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম জানান, উজ্জ্বলের একটি পিকআপ ভ্যান রয়েছে। গভীর রাতে ওই পিকআপে করে তিনি চোর চক্রের সদস্যদের বিভিন্ন স্থানে নিয়ে যেতেন।

পুলিশ জানায়, গত ১৮ সেপ্টেম্বর গোদাগাড়ীর নারায়ণপুর গ্রামে এক কৃষকের বাড়ি থেকে তিনটি গরু চুরি হয়। এ ঘটনায় তদন্ত করতে গিয়ে পুলিশ ভিডিও ফুটেজে একটি পিকআপ ভ্যান দেখতে পায়। পরে অনুসন্ধান করে পিকআপটির মালিক উজ্জ্বলকে শনাক্ত করা হয়।

গতকাল রাতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পিকআপ নিয়ে যাওয়ার সময় চেকপোস্ট বসিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। ১৮ সেপ্টেম্বরের ওই চুরির ঘটনায় গোদাগাড়ী থানার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে গরু চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে জসিম উদ্দিন নামের এক কসাইকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ জানায়, নারায়ণপুর গ্রাম থেকে চুরি হওয়া তিনটি গরু তাঁর কাছে বিক্রি করা হয়েছিল। জসিমের বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলার ধরমপুরে।

জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছেন প্রধানমন্ত্রী: মিনু

রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর

১০ দিনেও রাবি সাংবাদিকদের ওপর হামলাকারী কেউ গ্রেপ্তার হয়নি

সেনাসদস্য পরিচয়ে জাল টাকা দিয়ে সোনার চেইন আত্মসাৎ, গ্রেপ্তার ২

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

বাঘায় মাদক সেবন ও বিক্রির দায়ে এক দম্পতিসহ ৩ জনের কারাদণ্ড

গোদাগাড়ী ইউএনও অফিসে তালা ঝোলানোর ঘটনায় মামলা