রাজশাহীর পবা উপজেলার তালগাছি এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় এক নারীকে কুপিয়ে আহত করে ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসামিরা হলেন রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার আলীগঞ্জ এলাকার অটোরিকশাচালক মো. ফরহাদ ও নওগাঁ সদর উপজেলার চকপ্রসাদ এলাকার বাসিন্দা তরিকুল ইসলাম।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পবা থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান।
উপপুলিশ কমিশনার জানান, প্রযুক্তির সহায়তায় ঘটনার ১৮ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাই হওয়া মোবাইল ফোন, কাপড়চোপড়, ঘটনায় ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা ও হামলায় ব্যবহৃত ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।
আরএমপির মুখপাত্র জানান, গত সোমবার সকালে তালগাছি ব্রিজসংলগ্ন এলাকায় বাগমারাগামী যাত্রী মনি বেগমকে চলন্ত সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে কুপিয়ে নগদ টাকা, মোবাইল ফোন ও মালামাল ছিনিয়ে নেওয়া হয়। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় ধানখেতে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামীর করা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে।