হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। গতকাল শনিবার রাতে নগরীর বোয়ালিয়া থানা এলাকায় এ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ রোববার দুপুরে আরএমপির মিডিয়া উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: নওগাঁ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সাদেকুল ইসলাম (৪০), উপদপ্তর সম্পাদক প্রদীপ কুমার সরকার (৬০) এবং জেলার আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা চৌধুরী ওরফে বাদল (৬৫)।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত বৃহস্পতিবার রাতে নগরীর বোয়ালিয়া থানা এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা সরকারকে অস্থিতিশীল করার লক্ষ্যে ঝটিকা মিছিল, লিফলেট বিতরণ, সরকারবিরোধী প্রচারণা চালাচ্ছিলেন।

গ্রেপ্তার প্রদীপ কুমার সরকারের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মামলা রয়েছে। এ ছাড়া গোলাম মোস্তফা চৌধুরীর বিরুদ্ধে আত্রাই থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি, দণ্ডবিধি আইনে তিনটি এবং ঢাকা মহানগরের পল্টন থানায় একটি সিআর মামলা রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।