হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে পদ্মার পানি, প্লাবিত চরাঞ্চল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

পদ্মার পানি বাড়তে থাকায় জলমগ্ন হয়ে পড়েছে চরাঞ্চলের বেশ কিছু এলাকা। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ শুক্রবার সকাল ৯টায় রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ২০ মিটার। পানি বাড়তে থাকায় পদ্মার দক্ষিণ পাড়ের চরখিদিরপুর, খানপুরসহ বিভিন্ন চরাঞ্চলে বন্যার পানি ঢুকেছে। অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

রাজশাহীতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় পদ্মার পানির উচ্চতা ছিল ১৭ দশমিক ১৫ মিটার। আজ শুক্রবার সকাল ৯টায় তা বেড়ে ১৭ দশমিক ২০ মিটার হয়েছে। ১৫ ঘণ্টায় পানি বেড়েছে ৫ সেন্টিমিটার।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর বলেন, পদ্মার পানি বাড়লেও রাজশাহী শহর রক্ষা বাঁধ নিয়ে এখনো কোনো ঝুঁকি নেই। পানি উন্নয়ন বোর্ড সতর্ক অবস্থানে রয়েছে। ঝুঁকি দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

পদ্মার পানি বাড়তে থাকায় জলমগ্ন হয়ে পড়েছে চরাঞ্চলের বেশ কিছু এলাকা। ছবি: আজকের পত্রিকা

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, উজানের ঢলে গত ১০ দিন ধরে পদ্মায় পানি বাড়ছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় পানির উচ্চতা ছিল ১৭ দশমিক ০৫ মিটার। তিন ঘণ্টা পর বেলা ৩টায় তা বেড়ে ১৭ দশমিক ১২ মিটার হয়। গতকাল সন্ধ্যা ৬টায় পানি আরও বেড়ে ১৭ দশমিক ১৫ মিটার হয়।

রাজশাহী শহরের পাশে পদ্মার ওপারে ভারত সীমান্তঘেঁষা চরখিদিরপুর ও খানপুরের বেশির ভাগ এলাকা পানিতে তলিয়ে গেছে। এসব এলাকায় বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে।

পানিবন্দী মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পাশাপাশি তাঁদের মধ্যে ত্রাণ বিতরণ ও মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম জানিয়েছেন, যেসব এলাকায় মানুষ পানিবন্দী হয়েছেন, সেসব এলাকায় জরুরি ত্রাণ দেওয়া হচ্ছে। বন্যার্তদের মধ্যে খাবারও বিতরণ করা হচ্ছে।