হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে টিসিবির ট্রাকের সামনে নিম্ন আয়ের মানুষের ভিড়

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে টিসিবির পণ্য কিনতে নিম্ন আয়ের মানুষের ভিড়। ছবি: আজকের পত্রিকা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী মহানগর ও জেলায় স্বল্পমূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি শুরু হয়েছে। আজ সোমবার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় খোলা ট্রাক থেকে এসব পণ্য বিক্রি করা হয়। কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়ায় নিম্ন আয়ের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। ছিল প্রচণ্ড ভিড়।

আজ বেলা ১১টা থেকে নগরের বিভিন্ন পয়েন্টে টিসিবির ট্রাক অবস্থান নেয়। দরগাপাড়া এলাকায় গিয়ে টিসিবির ট্রাকের সামনে মানুষের দীর্ঘ লাইন দেখা যায়। দিনমজুর, রিকশাচালক, শ্রমজীবী ও নিম্ন আয়ের পরিবারগুলো টিসিবির ট্রাকের জন্য সকাল থেকেই লাইনে অপেক্ষা করছিল।

পরে ট্রাক এলে লাইনে দাঁড়ানো নিয়ে ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলার ঘটনাও ঘটে। এ ছাড়া দীর্ঘ সময় রোদে দাঁড়িয়ে থাকতে গিয়ে কয়েকজন বয়স্ক মানুষ অসুস্থ হয়ে পড়েন।

টিসিবির পণ্য কিনতে আসা রিকশাচালক জহুরুল ইসলাম জানান, বর্তমানে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অনেক বেশি। তাই টিসিবির এই কার্যক্রম নিম্ন আয়ের মানুষের জন্য কিছুটা স্বস্তি এনে দিয়েছে। তবে পর্যাপ্ত ব্যবস্থাপনা ও শৃঙ্খলা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

এখানে টিসিবির লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন এলাকার প্রায় ৬০ বছর বয়সী আনিকুল ইসলাম। পরে লাইন ছেড়ে তিনি গাছতলায় বসে পড়েন। তিনি বলেন, ‘রোদে মাথা ঘুরছে। তা-ও দাঁড়ালাম যে, কিছুটা কম দামে জিনিসপত্র কেনা যাবে। বাজারে তো আগুন।’

টিসিবির রাজশাহী অফিসের প্রধান আতিকুল ইসলাম জানান, ট্রাক থেকে প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকা, প্রতি লিটার সয়াবিন তেল ১৩০ টাকা ও প্রতি কেজি চিনি ৮০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। তবে নির্ধারিত প্যাকেজের আওতায় সবগুলো পণ্য একসঙ্গে কিনতে হবে, যার মূল্য রাখা হয়েছে ৪৮০ টাকা। শুক্রবার ছাড়া প্রতিদিন এই বিক্রি কার্যক্রম চলবে।

আতিকুল ইসলাম আরও জানান, রাজশাহী মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় প্রতিদিন ১৫টি ট্রাকের মাধ্যমে প্রায় ৬ হাজার গ্রাহকের কাছে পণ্য বিক্রি করা হচ্ছে। ট্রাক থেকে নিম্ন আয়ের মানুষ স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারছেন। দাম কম বলে চাহিদা অনেক বেশি। বরাদ্দ আরও বাড়ানো যায় কি না, তিনি বিষয়টি দেখবেন।

মেরে মাদ্রাসাশিক্ষার্থীর দাঁত ভেঙে দিলেন শিক্ষক

রাজশাহীর গোদাগাড়ী: মাদক নির্মূল সভায় কারবারি

নেশা ছাড়তে কারাদণ্ডের দাবি নিয়ে তিন দফায় ইউএনওর কার্যালয়ে, অতঃপর...

যুবদল নেতার কার্যালয়ে ৪ যুবককে মারধর করে কাটা হলো চুল, ভিডিও ভাইরাল

শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষক-শিক্ষার্থীকে মারধর অভিভাবকের

রাজশাহীর দুর্গাপুরে স্কুলমাঠ ভরাটের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে, প্রশাসন নীরব

রাজশাহী বিশ্ববিদ্যালয়: সিট দখলের সংস্কৃতি ফিরছে রাবির হলে

কর না বাড়িয়েই রাসিকের ১ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

দুই মণ পেঁয়াজের দামে ১ কেজি ইলিশ, দরপতনে হতাশ চাষি

নারীদের নিয়েই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে: রাজশাহী জেলা প্রশাসক