নৃত্য, গান, সাহিত্যচর্চা আর ঐতিহ্যের মেলবন্ধনে রাজশাহীর গোদাগাড়ীতে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী রক্ষাগোলা নৃগোষ্ঠী মেলা, সাহিত্য উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। এতে আটটি জনজাতির ঐতিহ্য ও জীবনযাত্রার বৈচিত্র্য তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
আজ শনিবার উপজেলার রিশিকুল ইউনিয়নের কাদমা উচ্চবিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে এ আয়োজন শেষ হয়।
রক্ষাগোলা গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্যনিরাপত্তা কর্মসূচির আওতায় রক্ষাগোলা সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত এ মেলায় সহযোগিতা করে সিসিবিভিও, রাজশাহী ও জার্মানির ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড। এতে ৭০টি রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের ১৪০টি সাংস্কৃতিক দল অংশ নেয়।
পাশাপাশি আটটি জনজাতির ঐতিহ্য তুলে ধরতে কৃষি ও শিকারের সরঞ্জাম, পোশাক, অলংকার, গৃহস্থালি সামগ্রী ও ঐতিহ্যবাহী খাবার নিয়ে বসানো হয় ৪৫টি প্রদর্শনী স্টল।
সমাপনী অনুষ্ঠানে রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিবিভিওর সভাপতি অধ্যাপক আবদুস সালাম, সহসভাপতি আরিফা বেগম, নির্বাহী প্রধান সারওয়ার-ই-কামাল, সহসম্পাদক তাহেরা খাতুন, নির্বাহী সদস্য গোলাম সারওয়ার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আমিরুল ইসলাম, নারী ও শিশু কল্যাণ সংস্থার পরিচালক সুমী এবং কাদমা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মোস্তাফিজুর রহমান।
এ ছাড়া পার্বত্য চট্টগ্রামের কাপ্তাইয়ের চন্দ্রঘোনা খ্রিষ্টান হাসপাতালের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমাসহ পার্বত্য এলাকার বিভিন্ন জনজাতির ১৩ জন সদস্য মেলায় অংশ নেন।
মেলায় জনজাতিভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষার্থীদের স্বরচিত কবিতা, রচনা ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সাঁওতাল জনজাতিতে গণক, উরাওয়ে পাথরঘাটা, পাহাড়িয়ায় ডাইংপাড়া, মুন্ডায় বটতলী এবং রাজোয়ার জনজাতিতে মাধাইপুর রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন প্রথম স্থান অর্জন করে। প্রদর্শনী স্টলে প্রথম হয় কাদমা-মুরালীপুর রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।