রাজশাহীতে গভীর রাতে এক ব্যক্তির বাড়ির ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরা ভাঙচুর করা হয়েছে। এ নিয়ে নাসিমা বেগম (৩৮) নামের ভুক্তভোগী থানায় অভিযোগ করেছেন। তিনি নগরের লক্ষ্মীপুর ভাটাপাড়া কাদির মণ্ডলের মোড় এলাকার বাসিন্দা। তাঁর স্বামীর নাম মেসবাউল হক।
যাঁদের বিরুদ্ধে ক্যামেরা ভাঙচুরের অভিযোগ করা হয়েছে, তাঁরা হলেন ওই নারীর প্রতিবেশী ইমাম হোসেন (২১), মো. ইব্রাহিম (৩০), মো. জাকির (২৫), ইদ্রিস আলী (৩২), শফিকুল ইসলাম (৩৪) ও মনি (২৫)। গত ২৯ এপ্রিল রাত সাড়ে ১২টার দিকে তাঁরা সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেন বলে রাজপাড়া থানায় করা অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, এক বছর আগে নাসিমা বেগম বাড়ি নির্মাণ করছিলেন। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে না চাইলে অভিযুক্ত ব্যক্তিরা তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দেন। এই অবস্থায় বাধ্য হয়ে তিনি থানায় মামলা করেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন। এখন আবার নিরাপত্তাহীনতায় পড়েছেন।
নাসিমা অভিযোগ করেন, আসামিদের ভয়ে তিনি তাঁর বাসার নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করেন। কিন্তু ২৯ এপ্রিল রাতে অভিযুক্ত ব্যক্তিরা তাঁর বাড়ির বাইরে থাকা সিসিটিভি ক্যামেরা ভেঙে চলে যান। সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের ফুটেজও থানায় দিয়েছেন নাসিমা বেগম।
নাসিমা বেগম বলেন, ‘চাঁদাবাজির মামলা করার কারণে ক্ষুব্ধ হয়ে তারা সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেছে। এখন তারা যেকোনো সময় হামলা করতে পারে। এর প্রমাণ যাতে না থাকে, সে জন্য তারা সিসিটিভি ক্যামেরা আগে ভেঙেছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় আছি।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাসিমার প্রতিবেশী মো. ইব্রাহিম বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। কে সিসিটিভি ক্যামেরা ভেঙেছে, সেটা আমার জানা নেই। অভিযোগের কথাও শুনিনি।’
এ বিষয়ে রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘এ বিষয়ে আমাকে আরেকজন ফোন করেছিলেন। আমি অভিযোগটা খুঁজে দেখছি। দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’