রাজশাহী নগরের লক্ষ্মীপুরে রোগী ধরার দালালদের বিষয়ে হ্যান্ডমাইকে সচেতন করায় নিরাপত্তাকর্মী সাব্বির হোসেনকে মারধর ও গলায় ছুরি ধরে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আরিফুল ইসলাম ওরফে আরিফ (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, হামলার শিকার সাব্বির হোসেন (২৬) লক্ষ্মীপুরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পুরোনো ভবনে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত। গত বুধবার দুপুরে দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী রোগী ধরার দালাল, চোর, পকেটমার ও প্রতারকদের বিষয়ে সেবাপ্রত্যাশীদের সচেতন করতে হ্যান্ডমাইকে ঘোষণা দিচ্ছিলেন তিনি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এ সময় রোগী ধরার দালাল হিসেবে পরিচিত আরিফসহ কয়েকজন সেখানে গিয়ে সাব্বিরকে মাইকিং করতে নিষেধ করেন। সাব্বির প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী দায়িত্ব পালনের কথা জানালে তাঁকে মারধর ও গালাগাল করা হয়।
একপর্যায়ে আরিফ ধারালো দেশীয় অস্ত্র সাব্বিরের গলায় ধরে হত্যার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। পরে রাজপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে আরিফকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় নিরাপত্তাকর্মী সাব্বির গতকাল বৃহস্পতিবার রাতে রাজপাড়া থানায় মামলা করেন। পুলিশ জানিয়েছে, আরিফকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, ব্যবহৃত দেশীয় অস্ত্রটি উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।