হোম > সারা দেশ > রাজশাহী

বাবা-বোন হাসপাতালে ভর্তি, বারান্দা থেকে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের একটি ওয়ার্ডের বারান্দা থেকে নিচে পড়ে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডের বারান্দায় এ দুর্ঘটনা ঘটে।

ওয়ার্ডের গেট খোলা পেয়ে হাঁটতে হাঁটতে বারান্দায় চলে গিয়েছিল শিশুটি। সেখানে কোনো গ্রিল না থাকায় নিচে পড়ে যায় সে। পরে তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নেওয়া হলেও বাঁচানো যায়নি।

নিহত শিশুর নাম আবু হুরাইরা। তার বাবার নাম হৃদয় আলী। তাঁদের বাড়ি কুষ্টিয়া সদর এলাকায়। শিশুটির বাবা ও ছয় বছর বয়সী বোন রামেক হাসপাতালেই ভর্তি রয়েছে। বাবা ডেঙ্গু জ্বরে আক্রান্ত। আর বোনের জন্মগতভাবে একটি কিডনি নেই। তার পেটেরও সমস্যা রয়েছে।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, চিকিৎসার খরচ চালাতে গিয়ে পরিবারটির টাকা-পয়সা শেষ হয়ে গিয়েছিল। এ অবস্থায় হাসপাতাল থেকে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন শিশুটির মা সেলিনা বেগম। প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তিনি চিকিৎসকের চেম্বারে ছোটাছুটি করছিলেন। এ সময় দুই বছরের শিশু আবু হুরাইরা হাসপাতালের ওয়ার্ডে ছিল।

শিশুটি নতুন হাঁটতে শিখেছিল। ১১ নম্বর ওয়ার্ডের গেট খোলা পেয়ে হাঁটতে হাঁটতে বারান্দায় চলে যায়। ওই বারান্দায় কোনো গ্রিল ছিল না। সেখানে পিলারের প্লাস্টারের কাজ করছিলেন মিস্ত্রিরা। বারান্দাটি নির্মাণকাজের কারণে কিছুটা অরক্ষিত অবস্থায় ছিল। সেখান থেকেই নিচে পড়ে যায় শিশুটি।

দুর্ঘটনার পরপরই শিশুটিকে উদ্ধার করে হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখানে তার শরীরে স্যালাইন দেওয়া হয়। বেলা আড়াইটার দিকে ওয়ার্ডে গিয়ে দেখা যায়, শিশুটির নিথর দেহ একটি টেবিলের ওপর পড়ে আছে। তখনো তার শরীরে স্যালাইন লাগানো ছিল। নাক দিয়ে রক্ত ঝরছিল। শিশুটিকে একনজর দেখতে সেখানে রোগীর স্বজনদের ভিড় জমে। তাঁদের সামলাতে ব্যস্ত ছিলেন দুজন আনসার সদস্য।

এদিকে ১১ নম্বর ওয়ার্ডের সামনের করিডরে বিছানায় বসে আহাজারি করছিলেন শিশুটির বাবা হৃদয় আলী। ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনি হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। আর তাঁর মেয়ে উম্মে খাদিজা ভর্তি রয়েছে ২৪ নম্বর ওয়ার্ডে। অসুস্থ স্বামী ও মেয়েকে হাসপাতালে রেখে চিকিৎসার জন্য ছোটাছুটি করছিলেন শিশুটির মা সেলিনা। এর মধ্যেই ঘটে যায় মর্মান্তিক এই দুর্ঘটনা।

এ বিষয়ে হাসপাতালের মুখপাত্র শেখ শামীম আহমেদ বলেন, ওটা নির্মাণাধীন জায়গা, কিছুটা অরক্ষিত ছিল। বাচ্চাটা অভিভাবকহীন অবস্থায় ছিল। বাচ্চাটা খেলতে খেলতে পড়ে গেছে। দ্রুত চিকিৎসা শুরু হলেও শিশুটিকে বাঁচানো যায়নি। হাসপাতালের দাপ্তরিক ও পুলিশের আইনগত প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।