রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২২ ঘণ্টা পর নুর আলম (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।
মৃত নুর আলম দৌলতদিয়া ইউনিয়নের শাহাদত মেম্বারপাড়া এলাকার রেজাউল ফকিরের ছেলে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আরিচা টিম লিডার জাহিদুল ইসলাম জানান, গতকাল শুক্রবার দুপুরে প্রতিবেশী কয়েকজন শিশুর সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে যায় নুর আলম। একপর্যায়ে তাকে দেখতে না পেয়ে অন্য শিশুরা স্থানীয়দের বিষয়টি জানায়। পরে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে প্রথম দিনের অভিযানে শিশুটির সন্ধান মেলেনি। পরে শনিবার দ্বিতীয় দিনের অভিযান চালিয়ে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
দৌলতদিয়া নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ শাহা বলেন, শিশুটির মরদেহ উদ্ধারের পর এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।