হোম > সারা দেশ > রাজবাড়ী

বিচ্ছিন্ন বগির ধাক্কায় বাস-অটোরিকশা-মাহেন্দ্র সংঘর্ষ, নিহত ২

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের পাঁচটি বগি চলন্ত অবস্থায় মূল ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে একটি যাত্রীবাহী বাস, একটি অটোরিকশা ও একটি মাহেন্দ্রকে সজোরে ধাক্কা দেয়। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ী শহরের খানখানাপুর রেলগেটে চলন্ত একটি তেলবাহী ট্রেনের পাঁচটি বগি মূল ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যাত্রীবাহী বাস, মাহেন্দ্র ও অটোরিকশাকে ধাক্কা দিয়েছে। এতে মাহেন্দ্রর দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। তাঁদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শামুকখোলা গ্রামের মঈনুদ্দিন শেখের ছেলে মালেক শেখ এবং রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকার বাসিন্দা মনোয়ার হোসেন পাটোয়ারী। তাঁরা মাহেন্দ্রর যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজবাড়ীগামী তেলবাহী ট্রেনটি খানখানাপুর রেলগেট অতিক্রম করার সময় হঠাৎ পেছনের পাঁচটি বগি মূল ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ইঞ্জিন ও সামনের অংশ রেলগেট পার হয়ে যাওয়ায় গেটম্যান ট্রেনটি চলে গেছে মনে করে ব্যারিয়ার তুলে দেন। এ সময় একটি যাত্রীবাহী বাস, একটি মাহেন্দ্র ও একটি অটোরিকশা রেললাইন পার হওয়ার চেষ্টা করলে বিচ্ছিন্ন বগিগুলো তিনটি যানবাহনকে ধাক্কা দেয়।

সংঘর্ষে মাহেন্দ্রটি দুমড়েমুচড়ে যায়। বাসটি রেললাইনের পাশের খাদে পড়ে যায় এবং অটোরিকশাটি ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।

আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালান। গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। পরে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

রাজবাড়ী রেলওয়ের নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, কী কারণে চলন্ত ট্রেনের পাঁচটি বগি বিচ্ছিন্ন হয়েছে, তা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। ফরিদপুর থেকে উদ্ধারকারী ইঞ্জিন এনে বিচ্ছিন্ন বগিগুলো সরিয়ে রেলপথ সচল করার কাজ চলছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে ট্রেনের কাপলিং বা সংযোগ ব্যবস্থার যান্ত্রিক ত্রুটিকে সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হলেও তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

পাংশায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা-মারধর, ভিডিও মুছে ফেলার অভিযোগ

কোটি টাকা আত্মসাতের অভিযোগ: উধাও ডাকঘরের লেটার রাইটার

তিন দশকেও চালু হয়নি কেন্দ্রীয় বাস টার্মিনাল

ভিজিএফের চাল বিতরণে অনিয়ম, কালুখালীর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

রাজবাড়ীতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, দুই ঘণ্টা যান চলাচল বন্ধ

রাজবাড়ীর পাংশায় ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

স্কুল ফাঁকির শাস্তি, লাগাতে হবে ৮০০ গাছ

দৌলতদিয়ার পদ্মার তীর: ভাঙনের ঝুঁকিতে ফেরিঘাট

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা: বৈধ কাগজপত্র ছাড়াই চলছিল এসবি সুপার ডিলাক্স

নিখোঁজ জামায়াতের কর্মীর দগ্ধ লাশ উদ্ধার