হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে মেশিনগান-পিস্তলসহ আটক দুই

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে উদ্ধার হওয়া হওয়া অস্ত্র। ছবি: সংগৃহীত

রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মেশিনগান, পিস্তল, দেশীয় অস্ত্র ও নগদ অর্থ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০। এ সময় দুজনকে আটক করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে র‍্যাব-১০-এর অধিনায়ক (পরিচালক) ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গত বুধবার রাজবাড়ী সদর ও গোয়ালন্দ থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। এ দিন সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মহিষখোলা মোল্লাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মো. মোমিন মোল্লাকে (৪০) আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি স্টার্লিং সাবমেশিনগান, দুটি ম্যাগাজিন, ২৮টি তাজা কার্তুজ এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে উদ্ধার হওয়া হওয়া অস্ত্র। ছবি: সংগৃহীত

একই দিন রাত সোয়া ১০টার দিকে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের জলিল মেম্বার ব্রিজসংলগ্ন এলাকায় পরিচালিত আরেক অভিযানে হাসান আলী বিশ্বাসকে (৩৬) আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয়টি তাজা কার্তুজ, কয়েকটি দেশীয় অস্ত্র, চারটি মোবাইল ফোন এবং নগদ ১৫ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব-১০-এর অধিনায়ক (পরিচালক) ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকের বিরুদ্ধে র‍্যাবের গোয়েন্দা নজরদারির পাশাপাশি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। অস্ত্রের উৎস, সরবরাহকারী এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। আটক দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’