রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাসটির নাম ‘নিউ ক্লাসিক্যাল’। এটি রাজবাড়ী মালিক সমিতির আওতাধীন এবং দৌলতদিয়া-কুষ্টিয়া রুটে চলাচল করত।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাতে বাসটি দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করা ছিল। রাত ১টার দিকে হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে অগ্নিকাণ্ডে বাসটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। একইভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, দুর্বৃত্তরা ইচ্ছাকৃতভাবে বাসটিতে আগুন দিয়ে থাকতে পারে। আবার বাসের ভেতরে থাকা কয়েল থেকেও আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন অনেকে। তবে এসব ধারণার পক্ষে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, বাসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।