হোম > সারা দেশ > রাজবাড়ী

মেয়ের ফেসবুক স্ট্যাটাসের জেরে কৃষক নজরুল হত্যা: আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি 

কৃষক নজরুল হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীর কালুখালীতে কৃষক নজরুল ইসলাম খানকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের পরিবারের সদস্য ও রক্তদাতা সংগঠনের স্বেচ্ছাসেবকেরা। আজ রোববার বেলা সাড়ে ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিহত নজরুল ইসলাম খানের বড় মেয়ে রহিতা আক্তার, ছোট মেয়ে রুনা খাতুনসহ পরিবারের সদস্য ও রক্তদাতা সংগঠনের স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের নয় দিন পেরিয়ে গেলেও ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়নি। আগামী তিন দিনের মধ্যে মামলার সব আসামিকে গ্রেপ্তার এবং আটক আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানান তাঁরা।

দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

নিহতের মেয়ে রুনা খাতুন বলেন, তাঁর একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে তাঁদের বিরোধ চলছিল। এর জের ধরে গত ২৫ সেপ্টেম্বর তাঁর বাবাকে বাড়ির সামনে ডেকে নিয়ে মাথায় ইট দিয়ে আঘাত করা হয়। পরে তাঁকে মারধর করে গুরুতর আহত করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তাঁর বাবার মৃত্যু হয়।

পরিবারের দাবি, হামলায় নজরুল ইসলাম খানের স্ত্রী জহুরা বেগম ও মেয়ে রুনা খাতুনও আহত হন। গুরুতর আহত নজরুল ইসলামকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছোট মেয়ে রুনা খাতুন বাদী হয়ে কালুখালী থানায় মামলা করেন। মামলায় মো. তুহিন সরদার ও গোলাপী বেগমকে আসামি করা হয়েছে। গোলাপী বেগমকে আটক করেছে পুলিশ।

মানববন্ধন শেষে নিহতের পরিবারের সদস্য ও স্বেচ্ছাসেবকেরা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।