হোম > সারা দেশ > রাজবাড়ী

চীনের জ্যাকি এলেন রাজবাড়ীতে, ভালোবেসে নার্গিসকে করলেন বিয়ে

রাজবাড়ী সংবাদদাতা

চীনা বর জ্যাকি চেউংয়ের সঙ্গে বাংলাদেশি কনে নার্গিস আক্তার। ছবি: আজকের পত্রিকা

ভাইয়ের মাধ্যমে পরিচয়, এরপর বন্ধুত্ব থেকে প্রেম। সেই প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নার্গিস আক্তারকে বিয়ে করলেন চীনা নাগরিক জ্যাকি চেউং। দুই দেশের দুই বাসিন্দার শুভ পরিণয়ের গল্প নিয়ে এখন এলাকায় কৌতূহল তৈরি হয়েছে। বিদেশি জামাইকে একনজর দেখতে প্রতিদিনই নার্গিসের বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ।

নার্গিস আক্তার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা আতর আলী চেয়ারম্যান বাজার এলাকার খোয়াজ খানের মেয়ে। অন্যদিকে জ্যাকি চীনের শানডং প্রদেশের ইউনচেং কাউন্টির চেংতুন টাউনের ঝাংঝুয়াং এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম ঝাং সিনহাই। জ্যাকি চীনে লরিচালক হিসেবে কাজ করেন। তাঁদের পরিবারের প্রধান জীবিকা কৃষিকাজ।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর বাংলাদেশে আসেন চীনা নাগরিক জ্যাকি চেউং। এরপর ৩ নভেম্বর আদালতের মাধ্যমে নার্গিস ও জ্যাকির বিয়ে সম্পন্ন হয়। পরে ১৩ নভেম্বর পারিবারিক ও সামাজিক আয়োজনে মুসলিম রীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। দুই পরিবারের সম্মতিতেই তাঁদের বিয়ের আয়োজন করা হয়েছে।

জ্যাকি ও নার্গিসের পরিচয় হয় নার্গিসের বড় ভাই সিরাজুল ইসলামের মাধ্যমে। সিরাজুল ঢাকায় একটি চীনা প্রতিষ্ঠানে চাকরি করতেন। একই প্রতিষ্ঠানে কাজ করতেন জ্যাকি। কর্মক্ষেত্রে তাঁদের মধ্যে পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে। একপর্যায়ে জ্যাকি বাংলাদেশে বিয়ে করার আগ্রহ প্রকাশ করলে সিরাজুল তাঁর বোন নার্গিসের সঙ্গে পরিচয় করিয়ে দেন। সেখান থেকেই শুরু হয় তাঁদের যোগাযোগ। পরবর্তী সময়ে জ্যাকি নিজ দেশ চীনে ফিরে গেলেও নার্গিসের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখেন। মোবাইল ফোন ও অনলাইনে নিয়মিত কথা হতো তাঁদের। এভাবে প্রায় তিন মাসের পরিচয় ও কথোপকথনের মধ্য দিয়ে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। অবশেষে সেই ভালোবাসার শুভ পরিণতি দিতে চীন থেকে বাংলাদেশে আবার আসেন জ্যাকি।

জ্যাকি চেউং জানান, নার্গিসের সঙ্গে পরিচয়ের পর ধীরে ধীরে তাঁর ভালো লাগা তৈরি হয়। নিয়মিত কথা বলতে বলতে একসময় দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। নার্গিসকে জীবনসঙ্গী করতে চীন থেকে বাংলাদেশে এসেছেন তিনি। নার্গিসকে বিয়ে করতে পেরে তিনি খুবই আনন্দিত। শ্বশুরবাড়ির মানুষ ও আত্মীয়স্বজনের ভালোবাসা পেয়ে তাঁর ভালো লাগছে। স্ত্রীকে নিয়ে চীনে ফিরে সুখে-শান্তিতে সংসার করতে চান।

নার্গিস আক্তার বলেন, ভাইয়ের মাধ্যমে জ্যাকির সঙ্গে পরিচয়। নিয়মিত কথা বলতে বলতে একসময় দুজন দুজনকে ভালোবেসে ফেলেন। তাঁকে বিয়ে করতে জ্যাকি চীন থেকে বাংলাদেশে আসায় তিনি খুবই খুশি। পরিবারের সম্মতিতেই তাঁদের বিয়ে হয়েছে। স্বামীর সঙ্গে চীনে গিয়ে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখছেন তিনি। দুই পরিবারের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে সুখে সংসার করতে চান।

বিয়ের পর স্ত্রীকে নিয়ে বেশ আনন্দেই সময় কাটছে জ্যাকির। বাংলাদেশি পরিবার ও আত্মীয়স্বজনের সান্নিধ্য উপভোগ করছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে পাসপোর্ট, ভিসা ও প্রয়োজনীয় অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করে স্ত্রী ও শাশুড়িকে সঙ্গে নিয়ে চীনে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

এদিকে, চীনা নাগরিকের সঙ্গে স্থানীয় তরুণীর বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই দেবগ্রাম এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। আত্মীয়স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনদের পাশাপাশি দূরদূরান্ত থেকেও অনেকে নবদম্পতিকে দেখতে আসছেন। কেউ জ্যাকির সঙ্গে পরিচিত হচ্ছেন, কেউ আবার তাঁর সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। সব মিলিয়ে বিদেশি জামাইকে ঘিরে নার্গিসের বাড়িতে এখন উৎসুক মানুষের সরব উপস্থিতি।

এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা সমবায় কর্মকর্তা ও দেবগ্রাম ইউনিয়নের প্রশাসক মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, চীনা নাগরিক জ্যাকি চেউং ও বাংলাদেশি তরুণী নার্গিস আক্তারের বিয়ের বিষয়ে তিনি অবগত নন। তবে বিদেশি নাগরিকের সঙ্গে সম্পর্ক বা বিয়ের ক্ষেত্রে প্রতারক চক্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এ ধরনের সম্পর্কে জড়ানোর আগে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় ও প্রয়োজনীয় তথ্য যাচাই করে নেওয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি।