হোম > সারা দেশ > রাজবাড়ী

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ধীরগতির নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি 

ছবি: সংগৃহীত

পদ্মা নদীতে স্রোত বেড়ে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে নৌযান চলাচলে সতর্কতা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ঝুঁকি এড়াতে কম গতির নৌযান, ফেরি ও লঞ্চকে এ পথে চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার বিআইডব্লিউটিএর আরিচা শাখার যুগ্ম-পরিচালক (নৌ-সওপ) মোহাম্মদ আশ্রাফ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের দৌলতদিয়া প্রান্তে পদ্মা নদীতে উজানের পানির স্রোতের তীব্রতা বেড়েছে। বর্তমানে ওই এলাকায় স্রোতের বেগ ঘণ্টায় প্রায় ৭ দশমিক ২০ নটিক্যাল মাইল। ফলে নৌযান চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে নৌপথে চলাচলকারী সব নৌযান, ফেরি ও লঞ্চকে অতি সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ। পাশাপাশি যেসব নৌযান, ফেরি ও লঞ্চ ঘণ্টায় ৭ দশমিক ২০ নটিক্যাল মাইলের কম গতিতে চলে, সেগুলোকে এ পথে চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে নৌযানের মালিক, মাঝি, চালক ও অপারেটরদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিরাপদে নৌযান পরিচালনার অনুরোধ জানানো হয়েছে।