রাজবাড়ীর বালিয়াকান্দিতে নির্ধারিত এলাকার বাইরে বিক্রির উদ্দেশ্যে নেওয়ার সময় ৪০ বস্তা ইউরিয়া সার আটক করেছেন স্থানীয় লোকজন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সারের ডিলার আমিরুল ইসলাম ট্রেডার্সের মালিক আমিরুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ সার গুদামে পাঠানো হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় গোডাউন থেকে কয়েক কিলোমিটার যেতেই সারের বস্তাগুলো আটকে দেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমিরুল ইসলাম ট্রেডার্স থেকে ৪০ বস্তা ইউরিয়া সার বাইরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। বালিয়াকান্দি সদর ইউনিয়নের আমতলা বাজার এলাকায় স্থানীয় লোকজনের নজরে এলে তাঁরা সারের বস্তাগুলো আটক করেন।
স্থানীয় লোকজন পরে সারের বস্তাগুলো উপজেলা প্রশাসনের কাছে নিয়ে আসেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে জব্দ ৪০ বস্তা ইউরিয়া সার পুনরায় গুদামে পাঠানো হয়েছে। উপজেলা কৃষি অফিসের মাধ্যমে এসব সার কৃষকদের মধ্যে বিতরণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান।