পারিবারিক কলহের জের ধরে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নূর ইসলাম (৫৫) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নূর ইসলাম বসন্তপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত সলেমান শেখের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, পারিবারিক কলহের পর গতকাল রোববার রাতে বাড়ি থেকে বের হন নূর ইসলাম। পরে বসন্তপুর রেলস্টেশন-সংলগ্ন এলাকায় যান তিনি। রাত ১১টার দিকে ভাঙ্গা থেকে রাজবাড়ীগামী কমিউটার ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় ট্রেনের নিচে ঝাঁপ দেন নূর ইসলাম। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার উপপরিদর্শক প্রকাশ কুমার সরকার আজ সোমবার সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।
প্রকাশ কুমার সরকার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান।