কলেজের পোশাক পরে কিংবা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে টিকটক ভিডিও তৈরি করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে রাজবাড়ীর বালিয়াকান্দি সরকারি কলেজ কর্তৃপক্ষ। এমন কর্মকাণ্ডে জড়িত শিক্ষার্থীদের তাৎক্ষণিকভাবে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়ার কথাও জানানো হয়েছে।
আজ মঙ্গলবার কলেজের অধ্যক্ষের স্বাক্ষরিত এক নোটিশে এ সতর্কবার্তা দেওয়া হয়।
নোটিশে বলা হয়েছে, কোনো শিক্ষার্থী কলেজের পোশাক পরে, ক্যাম্পাসে অবস্থান করে কিংবা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে টিকটক ভিডিও তৈরি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে টিসি দেওয়ার সিদ্ধান্তের কথাও উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হেমায়েত হোসেন খান বলেন, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোনের প্রতি আসক্তি বাড়ছে। তাদের পড়াশোনায় মনোযোগী করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সুন্দর ভবিষ্যৎ গড়তে লেখাপড়ার কোনো বিকল্প নেই।
অধ্যক্ষ আরও বলেন, কলেজ ক্যাম্পাসে প্রায়ই শিক্ষার্থীদের টিকটক ভিডিও তৈরি করতে দেখা যায়। এতে তাদের পড়াশোনার সময় নষ্ট হচ্ছে। শিক্ষার্থীরা যেন পড়ার সময়টুকু পড়াশোনায় ব্যয় করে এবং অপ্রয়োজনীয় কর্মকাণ্ডে জড়িয়ে সময় নষ্ট না করে, সেটিই কলেজ কর্তৃপক্ষের প্রত্যাশা। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ ফিরিয়ে আনা এবং ভবিষ্যৎ গঠনে সচেতন করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।