২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বরিশাল বিভাগে ফলাফলে পাসের হারে শীর্ষস্থানে রয়েছে পিরোজপুর জেলা। পিরোজপুরে পাসের হার ৭০ দশমিক ৭২ শতাংশ। যেখানে বরিশাল বিভাগের মোট পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ।
এ বছর পিরোজপুর জেলায় ১০ হাজার ১২২ জন শিক্ষার্থী নিবন্ধন করলেও পরীক্ষায় অংশ নেয় ৯ হাজার ৮৪৫ জন। এর মধ্যে ৪ হাজার ৪৯২ জন ছেলে ও ৩ হাজার ২৯৭ জন মেয়ে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় ৬ হাজার ৯৬২ জন শিক্ষার্থী পাস করেছে এবং অকৃতকার্য হয়েছে ২ হাজার ৮৮৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৪৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ১২০ জন ছেলে ও ২২৬ জন মেয়ে।
ফলাফলে দেখা গেছে, পিরোজপুরে মেয়েদের সাফল্য ছেলেদের তুলনায় বেশি। সামগ্রিক ফলাফলে বিভাগীয় পর্যায়ে পাসের হারে পিরোজপুরের এই অবস্থান নিয়ে জেলার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা খুশি।
আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আবদুস সালাম।
পরীক্ষানিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা জানান, এ বছর গড় পাসের হারে পিরোজপুর জেলার অবস্থান সবার শীর্ষে। এ জেলায় পাসের হার ৭০ দশমিক ৭২ শতাংশ।