হোম > সারা দেশ > পিরোজপুর

নেছারাবাদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি 

নেছারাবাদ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু হওয়া স্কুল ফিডিংয়ে পচা কলা। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু হওয়া স্কুল ফিডিং কর্মসূচির শুরুতেই অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের কলা ও ৪০ থেকে ৪২ গ্রাম ওজনের ছোট ডিম বিতরণের ঘটনায় শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে ‘গ্রাম উন্নয়ন সংস্থা’ নামে একটি বেসরকারি এনজিও উপজেলার ১৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রম বাস্তবায়ন করছে। গত রোববার প্রথম দিনে প্যাকেটজাত বনরুটি ও ডিম দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

তবে অভিযোগ রয়েছে, অনেক বিদ্যালয়ে নির্ধারিত ৬০ গ্রাম সেদ্ধ ডিমের পরিবর্তে অতি ছোট আকারের মুরগির ডিম দেওয়া হয়েছে। পরদিন ৩০ মার্চ (সোমবার) খাবারের তালিকায় ১২০ গ্রাম বনরুটি ও ২০০ মিলিলিটার দুধ দেওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের দেওয়া হয়েছে বনরুটি ও কলা। শিক্ষকদের অভিযোগ, সরবরাহ করা কলার বড় অংশই ছিল পচা, আধা পাকা বা কালো দাগযুক্ত।

জানা গেছে, উপজেলার ১৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১৭ হাজার শিক্ষার্থীর জন্য সপ্তাহে পাঁচ দিন এই স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হয়েছে। নির্ধারিত খাদ্যতালিকা অনুযায়ী রোববার, বুধ ও বৃহস্পতিবার শিক্ষার্থীদের ১২০ গ্রাম বনরুটি ও ৬০ গ্রাম সেদ্ধ ডিম, সোমবার ১২০ গ্রাম বনরুটি ও ২০০ মিলিলিটার দুধ এবং মঙ্গলবার ৭৫ গ্রাম ফোর্টিফায়েড বিস্কুট ও কলা বা মৌসুমি ফল দেওয়ার কথা রয়েছে। কিন্তু বাস্তবে এই তালিকা অনুসরণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

দক্ষিণ কামারকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার দাস বলেন, ‘আজকের তালিকায় রুটি ও দুধ দেওয়ার কথা ছিল। কিন্তু তারা দুধ দিতে পারেনি। দুধ নাকি সাপ্লাই নেই। তাই শুধু রুটি দিয়েছে। বুধবারের জন্য নির্ধারিত কলা সোমবার দিয়ে গেছে।’

স্কুল ফিডিং কার্যক্রম বাস্তবায়নকারী গ্রামীণ উন্নয়ন সংস্থার প্রতিনিধি পরিচয়দানকারী মো. ওয়াসিফ বলেন, ‘এত বড় একটি উপজেলায় এতগুলো স্কুলে একসঙ্গে খাবার সরবরাহ করা কিছুটা কঠিন। আমরা যেহেতু প্রথম দিকে কার্যক্রম শুরু করেছি, তাই কিছু ভুলভ্রান্তি হতে পারে। দূর থেকে কলা পরিবহন করার কারণে কিছু সমস্যা হয়েছে।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার জসিম আহমদ বলেন, ‘স্কুল ফিডিংয়ে খাদ্যতালিকায় দুধ থাকলেও এটা নিয়ে একটু সমস্যা আছে। তবে দুধের বদলে অন্য কিছু দেওয়া হতে পারে।’ তিনি আরও বলেন, খাদ্যতালিকায় কোনো অনিয়ম হয়ে থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

নেছারাবাদে কৃষি অফিসের গুদামের তালা ভেঙে যন্ত্রাংশ বিক্রির চেষ্টা, প্রধান শিক্ষককে শোকজ

সন্ধ্যা নদীর তীরে দর্শনার্থীর ঢল, নেই দৃশ্যমান নিরাপত্তা

পিরোজপুরে জেলেপল্লিতে নেই ঈদের আনন্দ, সেমাই-চিনি কেনার টাকাও নেই অনেকের

পিরোজপুরে সড়কে গাছের গুঁড়ি ফেলে ডাকাতি, একজনকে কুপিয়ে জখম

ভিজিএফ চাল: ১০ কেজির বদলে মিলছে সাড়ে ৮ কেজি

নেছারাবাদে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ১০ কেজির বদলে দেওয়া হচ্ছে ৯ কেজি

মাথাবিহীন লাশ উদ্ধারের ঘটনায় দুজন গ্রেপ্তার, দুই দিনেও উদ্ধার হয়নি মাথা

মাথাবিহীন লাশটি বরিশালের গোপালের, মাথার খোঁজে নদীতে তল্লাশি

বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থান সৃষ্টিতে পদক্ষেপ গ্রহণ করছি: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

নদীর পাড়ে পড়ে ছিল অজ্ঞাতনামা যুবকের মাথাবিহীন লাশ