পিরোজপুর সদর উপজেলায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (৩ জুলাই) ভোরে সদর উপজেলার কদমতলা বাজার এলাকা ও তেঁতুলতলা এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এ তথ্য জানান।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কদমতলা এলাকার মো. হাসান ওরফে মেহেদী হাসান (২৭), মো. আল-আমিন শেখ (২৬) ও তেজদাস কাটি এলাকার আলী হোসেন (৪০)।
পুলিশ সুপার জানান, অভিযানের শুরুতে সদর উপজেলার কদমতলা বাজার এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে মো. হাসান ওরফে মেহেদী হাসান ও মোহাম্মদ আল-আমিন শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সদর উপজেলার টোনা ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় অভিযান চালায়। এ সময় আলী হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরো জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।