পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে মা-শিশুকে বেত্রাঘাতের অভিযোগ এবং কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদারের বিরুদ্ধে জমি দখলে সহযোগিতার অভিযোগ ওঠায় তাঁদের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।
আজ বুধবার পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটনের স্বাক্ষরিত পৃথক দুটি চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
জেলা বিএনপির চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সাংগঠনিক স্বার্থের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। দলের ভাবমূর্তি রক্ষা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাঁদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে পদ স্থগিত থাকা অবস্থায় তাঁরা দলের কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর মানিব্যাগ চুরির অপবাদে জিসান (১২) নামের এক শিশু ও তার মা নাজমা বেগমকে (৩৫) বেত্রাঘাত করার অভিযোগ ওঠে কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
অন্যদিকে, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদারের বিরুদ্ধে সম্প্রতি জমি দখলে সহযোগিতার অভিযোগ ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই জেলা বিএনপি তাঁর সাংগঠনিক পদ স্থগিতের সিদ্ধান্ত নেয়।