পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের চৌদ্দবুড়িয়া এলাকায় নতুন নির্মিত একটি সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন চৌদ্দবুড়িয়া এলাকার শিকদার বাড়ির আব্দুর রাজ্জাক ফকিরের ছেলে মোহাম্মদ নূহ (২৫) এবং একই এলাকার আশরাফ মোল্লা (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বাড়ির বাথরুমের জন্য নির্মিত সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করছিলেন নূহ। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে ট্যাংকের ভেতরে পড়ে যান।
পরে তাঁকে উদ্ধারের জন্য আশরাফ মোল্লা ট্যাংকের ভেতরে নামেন। কিন্তু তিনিও সেখানে অচেতন হয়ে পড়েন।
স্থানীয় লোকজন ট্যাংকের একটি অংশ ভেঙে দুজনকে উদ্ধার করে বাইরে নিয়ে আসেন। ততক্ষণে তাঁরা দুজনই মারা গেছেন।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসরোধে তাঁদের মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই শ্রমিকের পরিবারে চলছে আহাজারি।