পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে পটুয়াখালী সদর উপজেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন। তবে অভিযান শেষে বিভিন্ন অভিযোগে ক্ষোভ প্রকাশ করে ব্যবসায়ীদের একাংশ বিক্ষোভ করেছেন। এ সময় তাঁরা বাজারের দোকান সাময়িক বন্ধের ঘোষণা দেন।
আজ রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালী পৌর শহরের নিউ মার্কেট এলাকায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদারের নেতৃত্বে এই তদারকি কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানকালে সড়ক দখল করে দোকান বসানো, ওজনে কম দেওয়া ও পণ্যের খুচরা মূল্যতালিকা প্রদর্শন না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। একই সঙ্গে নিয়ম মেনে ব্যবসা করার নির্দেশ দেওয়া হয়।
এ সময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি, কৃষি বিপণন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বাজার তদারকি দল চলে যাওয়ার পরপরই স্থানীয় ব্যবসায়ীদের একটি অংশ বিক্ষোভ করেন। তাঁরা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিরুদ্ধে ‘অন্যায় আচরণের’ অভিযোগ তুলে সাময়িকভাবে বাজার বন্ধের ঘোষণা দেন।
নিউ মার্কেটের মাছ ব্যবসায়ী আল-আমিন বলেন, ‘আমরা গরিব মানুষ। মাছ বিক্রি করে সংসার চালাই। বারবার উচ্ছেদ করা হলে আমরা কোথায় যাব? আগে আমাদের বিকল্প ব্যবস্থা করে তারপর উচ্ছেদ করা উচিত।’
এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার বলেন, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষ যাতে ন্যায্যমূল্যে বাজার করতে পারেন, সে লক্ষ্যেই বাজার তদারকি করা হয়েছে। যেসব ব্যবসায়ীর নিজস্ব দোকান রয়েছে, কিন্তু সড়কে পণ্য সাজিয়ে ব্যবসা করছেন, তাঁদের সড়ক থেকে সরিয়ে নিতে বলা হয়েছে। জনস্বার্থেই এ উদ্যোগ। বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।