পটুয়াখালীর বাউফলে আলগী নদী থেকে হাত বাঁধা ও গলায় ইট বাঁধা অবস্থায় এক অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে বাউফল পৌরসভার বাংলাবাজার জামে মসজিদ-সংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা ২টার দিকে মসজিদঘাটের অদূরে নদীতে লাশটি ভাসতে দেখেন তাঁরা। পরে বিষয়টি বাউফল থানায় জানানো হয়। খবর পেয়ে কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের কার্যক্রম শুরু করেন।
কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সরোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার করা লাশটি অর্ধগলিত হওয়ায় মুখমণ্ডল দেখে পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। লাশটি একজন পুরুষের। তাঁর দুই হাত বাঁধা ছিল এবং গলায় ইট বাঁধা অবস্থায় পাওয়া গেছে।
এসআই সরোয়ার আরও বলেন, লাশের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, চার থেকে পাঁচ দিন আগে তাঁকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।
লাশটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য লাশ উদ্ধারের তথ্য বিভিন্ন নৌ-পুলিশ ফাঁড়ি ও থানায় পাঠানো হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।