উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, আজ মঙ্গলবার দেশে সর্বনিম্ন তাপমাত্রাও এ জেলাতেই। কয়েক দিনের বিরতির পর গতকাল সোমবার রাত থেকে জেলাজুড়ে ঘন কুয়াশা পড়তে শুরু করেছে, যার ফলে ভোর থেকে সকাল পর্যন্ত সড়কে যান চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, সকাল ৬টা ও সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। এর আগে সোমবার বিকেলে জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১০টার পর থেকেই জেলার বিভিন্ন এলাকায় কুয়াশা পড়তে শুরু করে এবং মঙ্গলবার ভোর নাগাদ তীব্র আকার ধারণ করে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চারপাশ ঘন কুয়াশায় ঢাকা থাকায় কোথাও কোথাও শিশিরবিন্দু বৃষ্টির ফোঁটার মতো ঝরতে দেখা যায়।
দৃষ্টিসীমা কমে আসায় ভোরে মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে হয়েছে।
সকালে সড়কে বের হওয়া পথচারী জুবায়ের রহমান বলেন, ‘ভোর থেকেই চারপাশ এতটাই ঘন কুয়াশায় ঢাকা ছিল যে সামান্য দূরের জিনিসও স্পষ্ট দেখা যাচ্ছিল না। গত কয়েক দিনের তুলনায় সকালবেলা শীতের অনুভূতিও অনেক বেশি ছিল।’
হিমালয় থেকে আসা হিমেল বাতাসের কারণে শীতের প্রকোপ বাড়লেও জীবিকার তাগিদে ভোর থেকেই শীতের কাপড় গায়ে জড়িয়ে কাজে বের হতে দেখা গেছে নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষদের। শীতের তীব্রতা থেকে বাঁচতে অনেককে রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও সূর্যের আলো বাধাগ্রস্ত হতে পারে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন জেলায় কুয়াশার এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে এবং পর্যায়ক্রমে শীতের তীব্রতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।