হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড়ে বাড়ছে শীত, তাপমাত্রা ১৩.৫

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে কয়েকদিন ধরে সন্ধ্যা থেকে ভোরবেলা পর্যন্ত তীব্র ঠাণ্ডা অনুভূত হচ্ছে, পড়ছে ঘনকুয়াশা। ছবি: আজকের পত্রিকা

উত্তরের জেলা পঞ্চগড়ে দিন ও রাতের তাপমাত্রার ব্যবধানে বাড়ছে শীতের অনুভূতি। সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত ঠান্ডার প্রভাব বেশি থাকছে।

আজ বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৭৭ শতাংশ। এর আগের দিন মঙ্গলবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, রাতের তাপমাত্রা কমে যাওয়ায় শীতের অনুভূতি বাড়ছে। দিনের তাপমাত্রা তুলনামূলক বেশি থাকলেও রাত ও ভোরে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।

এদিকে শীতের প্রভাবে সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন অনেকে। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে এসব রোগের প্রবণতা দেখা যাচ্ছে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক শিশুর অভিভাবক মোছা. মকছেদা বেগম বলেন, কয়েক দিন ধরে ঠান্ডা লেগে আমার ছেলের জ্বর ও কাশি হয়েছে। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে এসেছি।

আরেক রোগীর স্বজন বাছেদ আলী বলেন, রাতে ও সকালে ঠান্ডা বেশি লাগছে। পরিবারের বয়স্ক সদস্য অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করিয়েছি।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মাহবুব আলম বলেন, আবহাওয়া পরিবর্তন ও তাপমাত্রা কমে যাওয়ার কারণে সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন শীতজনিত রোগের প্রকোপ বাড়ছে । বিশেষ করে শিশু ও বয়স্করা এসব রোগে বেশি আক্রান্ত হচ্ছেন। এ সময় ঠান্ডা থেকে নিজেদের সুরক্ষিত রাখতে হবে। গরম কাপড় ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং প্রয়োজন ছাড়া ভোরে ও রাতে বাইরে বের না হওয়া। কারও অসুস্থতা দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।