পঞ্চগড়ের বোদা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার সাকোয়া ইউনিয়নের সাহাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহত তিন শিক্ষার্থীকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষার্থীরা হলো—সাকোয়া ইউনিয়নের ভোলা বসুনিয়া সাকোয়া এলাকার আতাউর রহমানের ছেলে সাদিক (১৭) এবং ফুলবাড়ী সাকোয়া এলাকার মিজানুর রহমানের ছেলে রাহাত। আহত শিক্ষার্থী রাব্বি (১৬) একই ইউনিয়নের সাহাপাড়া এলাকার আবু সাহার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন শিক্ষার্থী প্রাইভেট পড়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। পথে সাহাপাড়া থেকে তাকওয়া বাজারের দিকে যাওয়ার সময় একটি মোড়ে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হয়।
বোদা থানার উপপরিদর্শক (তদন্ত) রেজাউনুল মন্ডল বলেন, প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিন শিক্ষার্থী আহত হয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।