হোম > সারা দেশ > পঞ্চগড়

বিধবা নারীকে বিয়ের শর্তে জামিন পেলেন সেই এসআই

পঞ্চগড় প্রতিনিধি

বিধবা নারীকে বিয়ে করার শর্তে জামিন পেলেন বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত কুড়িগ্রাম সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল। আজ বুধবার পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিয়ে করার শর্তে জামিন আবেদন করেন ওই পুলিশ সদস্য। পরে আদালত তাঁর জামিন আবেদনে সন্তুষ্ট হয়ে বিয়ের কাবিননামা দাখিলের পরে জামিন মঞ্জুর করেন ৷

জামিনের পরে জেলা আইনজীবী সমিতির ভবনে ইসলামি শরিয়া অনুযায়ী ভুক্তভোগী ওই বিধবা নারীকে বিয়ে করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল। তাঁদের বিয়েতে ৭ লাখ ৯৫ হাজার টাকা দেনমোহর নির্ধারণ করা হয়। বিয়েতে দুই পক্ষের আইনজীবী, পরিবারের সদস্য ও অভিযুক্ত জলিলের প্রথম স্ত্রীসহ উপস্থিত ছিলেন। 

আদালত সূত্রে জানা গেছে, গত ২৩ জানুয়ারি এই মামলায় এসআই জলিলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরে তিনি উচ্চ আদালতের রায়ে ৬ সপ্তাহের জামিনে ছিলেন। তাঁর জামিনের মেয়াদ শেষ হলে তিনি পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে গত রবিবার দুপুরে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করেন। পরে আদালত তাঁর জামিন না মঞ্জুর করে তাঁকে জেলহাজতে প্রেরণ করেন। 

ভুক্তভোগী ওই নারী (৪৩) বলেন, এতদিন আমি জলিলের কাছে স্ত্রীর স্বীকৃতি তো দূরের কথা বিয়ের কাবিননামা চেয়েও পাইনি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালতে মামলা করার পর আমি ন্যায় বিচার পেয়েছি। আমি আনন্দিত। 

মামলায় বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মেহেদী হাসান মিলন বলেন, আদালতের রায়ের প্রতি সন্তুষ্ট। মামলায় আমি ও আমার মক্কেল ন্যায় বিচার পেয়েছি। 

উল্লেখ্য, ২০২০ সালের ৩০ এপ্রিল জমিসংক্রান্ত বিষয় নিয়ে পঞ্চগড় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন এক নারী। সেই ডায়েরির তদন্ত করতে গিয়ে তৎকালীন পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক আব্দুল জলিল বিধবা ওই নারীর সঙ্গে ‘প্রেমের সম্পর্ক’ গড়ে তোলেন। এরপরে তিনি ভুয়া কাবিননামা করিয়ে নিয়ে ওই নারীর সঙ্গে সংসার করতে থাকেন। একসময় ভুক্তভোগী নারী বিয়ের কাবিননামা চাইতে গেলে জলিল বিবাহের কথা অস্বীকার করেন। পরে ওই ভুক্তভোগী নারী ২০২০ সালের ৬ অক্টোবর পঞ্চগড় নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেন। গত ২০ জানুয়ারি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। গত ২৩ জানুয়ারি আদালত মামলাটি আমলে নিয়ে ওই উপপরিদর্শকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 

ওয়াশ ব্লক নির্মাণ: মেয়াদ শেষ হলেও কাজ শুরু হয়নি

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোকে স্তব্ধ নয়াবাড়ি গ্রাম

মন্ত্রী হওয়ার পর হঠাৎ অনেক আত্মীয়-স্বজনের আবির্ভাব ঘটে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

মাছ ধরতে গিয়ে নিখোঁজ, এক দিন পর মিলল যুবকের মরদেহ

মা-বাবার চোখের সামনে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ৮ বছরের শিশু নিহত

খোলা আকাশের নিচে পাঠদান, রোদ-বৃষ্টিতে দুর্ভোগে শিক্ষার্থীরা

আ.লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটার অভিযোগ: কারাগারে মেজর মৌসুমী

ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, এক দিন পরই প্রত্যাহার পিআইও বাবুল চন্দ্র রায়

পঞ্চগড়ে ২ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, জরিমানা