হোম > সারা দেশ > পঞ্চগড়

বিয়েতে মেয়ের বয়স ১৬ ও ছেলের ১৮ করাসহ আট দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রার সমিতি পঞ্চগড়ের উদ্যোগে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

বিয়ের ক্ষেত্রে মেয়েদের ন্যূনতম বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর নির্ধারণসহ আট দফা দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছেন মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রাররা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তাঁরা।

আজ মঙ্গলবার বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রার সমিতি পঞ্চগড়ের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশে বিয়ের ক্ষেত্রে ছেলেদের ন্যূনতম বয়স ২১ বছর এবং মেয়েদের ১৮ বছর নির্ধারিত রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে ছেলেদের ১৮ বছর ও মেয়েদের ১৬ বছর বয়সে বিয়ের সুযোগ রয়েছে। তাই বাংলাদেশের বাস্তবতা বিবেচনায় বিয়ের বয়স পুনর্নির্ধারণ করা প্রয়োজন।

তাঁদের দাবি, বিয়ের বয়স বেশি হওয়ায় অনেক ছেলে-মেয়ে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ছে। এতে সামাজিক নানা সমস্যা তৈরি হচ্ছে এবং বাল্যবিয়ের প্রবণতাও বাড়ছে।

মানববন্ধন থেকে নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র বহাল রাখা, মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর নির্ধারণ, নিকাহ রেজিস্ট্রারদের অবসরের বয়স ৬৭ থেকে বাড়িয়ে ৭৫ বছর করা এবং পিতার অবর্তমানে পুত্রকে নিকাহ রেজিস্ট্রার হিসেবে নিয়োগের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়।

এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের হয়রানি বন্ধ, ডিও লেটার প্রথা বন্ধ, বিবাহ রেজিস্ট্রারদের ফি বৃদ্ধি এবং বিবাহ ও তালাকের ক্ষেত্রে নোটারি পাবলিকের হলফনামা প্রথা বন্ধের দাবিও জানান তাঁরা।

কর্মসূচিতে মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রার সমিতি পঞ্চগড়ের সভাপতি এ আর এম শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ মো. হাবিবুর রহমান, সদর উপজেলা কমিটির সভাপতি আরাফাত ইদ্রিস ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, বোদা উপজেলা শাখার সভাপতি মাশরুল আলম রাজু, আটোয়ারী উপজেলা শাখার সভাপতি আব্দুল মোতালেব, দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শামসুল আলম এবং তেঁতুলিয়া উপজেলা শাখার সভাপতি আজমত আলীসহ বিভিন্ন উপজেলার নিকাহ রেজিস্ট্রাররা উপস্থিত ছিলেন।