উত্তরের জেলা পঞ্চগড়ে আবহাওয়ার পরিবর্তনে শীতের অনুভূতি বাড়তে শুরু করেছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকা, ঘন কুয়াশা ও বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে দিনের বেশিরভাগ সময়ই থাকছে কুয়াশাচ্ছন্ন পরিবেশ। এতে কমে আসছে দৃষ্টিসীমা, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন ও সড়কে যানবাহন চলাচল।
আজ বুধবার (১৮ নভেম্বর) সকালে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের তথ্যমতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদদের মতে, বায়ুমণ্ডলের নিম্নস্তরে জলীয় বাষ্পের আধিক্য, আকাশ মেঘলা থাকা এবং বাতাসের গতিবেগ কমে যাওয়ার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। মেঘের কারণে সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণে ভূপৃষ্ঠে পৌঁছাতে না পারায় মাটি ও আশপাশের পরিবেশ তেমন উত্তপ্ত হতে পারছে না। ফলে দিনের বেলাতেও শীতল অনুভূতি বিরাজ করছে। একই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি ও স্থির আবহাওয়ার কারণে কুয়াশা দীর্ঘ সময় স্থায়ী হচ্ছে।
এ ছাড়া রাতের বেলায় ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরণের ফলে তাপমাত্রা কমে আসে। একপর্যায়ে বাতাসের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয়। এর ফলে রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার পাশাপাশি অনেক স্থানে শিশির বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো জলকণা পড়তে দেখা যায়। এ সময় দৃষ্টিসীমা কমে যাওয়ায় যানবাহন চলাচলেও সতর্কতা প্রয়োজন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, বায়ুমণ্ডলের নিম্নস্তরে জলীয় বাষ্পের আধিক্য, মেঘাচ্ছন্ন আকাশ এবং বাতাসের স্থিরতার কারণে পঞ্চগড়ে কুয়াশাচ্ছন্ন পরিবেশ তৈরি হচ্ছে। মৌসুমি বায়ুর সক্রিয়তা ও নিষ্ক্রিয়তার পরিবর্তনশীল আচরণও স্থানীয় আবহাওয়ায় প্রভাব ফেলছে।