হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত, আহত ৫

পঞ্চগড় প্রতিনিধি

প্রতীকী ছবি

পঞ্চগড়ের বোদা উপজেলায় থ্রি-হুইলারে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলার সাকোয়া ইউনিয়নের জান্নাত পেট্রলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলো বোদা উপজেলার পাঠানপাড়া এলাকার আলী আজগরের স্ত্রী মাহমুদা আলম (৩০) ও তাঁর মেয়ে সম্প্রীতি (৯)। নিহত অন্য ব্যক্তির পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেবীগঞ্জ থেকে বোদাগামী একটি থ্রি-হুইলার জান্নাত পেট্রলপাম্পের সামনে যাত্রী ওঠানোর জন্য গতি কমায়। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক থ্রি-হুইলারটিকে ধাক্কা দেয়।

সংঘর্ষে থ্রি-হুইলারটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা ছিটকে পড়ে। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। আহত অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল মণ্ডল তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।