হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড়ে বিএনপি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলচেষ্টার অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধি

ফুলতলা পানিডুবি দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার সামনে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুলতলা পানিডুবি দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ময়জউদ্দিনের বিরুদ্ধে। এর প্রতিবাদে আজ সোমবার মাদ্রাসার সামনে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা।

মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, প্রতিষ্ঠার পর থেকে প্রায় ৪৩ বছর ধরে জমিটি মাদ্রাসার দখলে রয়েছে। নিয়মিতভাবে ওই জমির খাজনাও পরিশোধ করে আসছে কর্তৃপক্ষ। ১৯৮৩ সালে ময়জউদ্দিনের বাবা মহিরউদ্দিন ওই জমি মাদ্রাসার নামে দান করেন। কিন্তু গত শনিবার ওই জমিতে বালু ফেলতে শুরু করেন ময়জউদ্দিন।

মানববন্ধনে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার লাভলী বেগম বলেন, গত শনিবার ময়জউদ্দিন মাদ্রাসার জমিতে বালু ফেলে দখলের চেষ্টা করেন। একই সঙ্গে মাদ্রাসার সামনে প্রতিষ্ঠানটির তৈরি দোকানে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। মাদ্রাসার জমি রক্ষা এবং দখলের চেষ্টা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চাই।

মাদ্রাসার সভাপতি ফরহাদ হোসেন বলেন, মাদ্রাসার জমি অবৈধভাবে দখলের প্রতিবাদে আমরা মানববন্ধন করেছি। মাদ্রাসার জমি উদ্ধার, বন্ধ করে দেওয়া দোকানগুলো খুলে দেওয়া এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

ফরহাদ হোসেন অভিযোগ করে বলেন, ওয়ার্ড বিএনপির সভাপতি মইজুদ্দিন, তাঁর ছেলেসহ কয়েকজন মিলে মাদ্রাসার দোকানগুলো দখল করে সেখানে বালু ফেলেছেন।

অভিযোগের বিষয়ে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ময়জউদ্দিন বলেন, দলের প্রভাব খাঁটিয়ে জমি দখল করা হয়নি। দীর্ঘদিন ধরে অভিযোগ দিয়ে আসছি যে জমিটি আমাদের। কোনো সুরাহা না হওয়ায় গত শনিবার জমিটা আমরা দখল করি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, মাদ্রাসার পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি দেখতে সংশ্লিষ্ট ইউনিয়নের ভূমি কর্মকর্তাকে বলা হয়েছে এবং প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরই ঘটনাটি কীভাবে ঘটেছে, তা পরিষ্কার হবে।